মহসিন উল করিম
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারাদেশে মুক্তিযুদ্ধের গণহত্যার স্মৃতি বহনকারী তিন হাজার থেকে পাঁচ হাজার বধ্যভূমির সন্ধান পেয়েছে আওয়ামী লীগ সরকারের শাসনকালে গঠিত বধ্যভূমি চিহ্নিত ও রক্ষা কমিটি। বিষয়টি নিয়ে গবেষণারত ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিও একই ধরণের তথ্য দিয়েছে।
তবে সরকারি হিসেবে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১৯৩টি বধ্যভূমি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ এবং নওগাঁ এলাকায় সবচেয়ে বেশি বধ্যভূমির সন্ধান পাওয়া গেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডা.আবুল কাশেম মাহবুবুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সশস্ত্র বাহিনীর সহায়তায় সরকার ১৯৩টি বধ্যভূমি চিহ্নিত করেছে। এসব বধ্যভূমি সংস্কার এবং রক্ষণাবেক্ষণ ছাড়াও সশস্ত্র বাহিনীর সহায়তায় মন্ত্রণালয় নতুন করে বধ্যভূমি সন্ধান করার উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, এসব বধ্যভূমি চিহ্নিত ও এতে অবকাঠামো নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষনে মন্ত্রণালয় থেকে কোন জনবল দেয়া হবে না। এই কাজের দায়িত্ব দেয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে। পরবর্তীতে প্রয়োজন হলে জেলা পরিষদের মাধ্যমে এসব বধ্যভূমি রক্ষণাবেক্ষন করা হবে।
মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, বধ্যভূমি চিহ্নিতকরণ, সংস্কার ও রক্ষণাবেক্ষনের জন্য সরকার প্রথম পর্যায়ে প্রায় পাঁচ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে। গত ২০০২ সালের জুলাই মাসে এ প্রকল্পটির কাজ শুরু হয়েছে। আগামী ২০০৮ সালে জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে।
প্রথম পর্যায়ের প্রকল্পে বিভিন্ন জেলার ৩৫টি বধ্যভূমিতে সৌধ সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তবে ওই বরাদ্দ করা টাকায় ৩৫টির কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। ফলে প্রথম পর্যায়ে ৩৩টি সৌধের সংস্কার কাজ শেষ হলে গণপূর্ত মন্ত্রণালয় এসব দেখাশোনা করবে।
সচিব মাহবুবুল আলম বলেন, বধ্যভূমি সংস্কার ও চিহ্নিত করার জন্য দ্বিতীয় পর্যায়ের প্রকল্প গ্রহণ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আগামী বছর প্রথম পর্যায়ের কাজ শেষ হলেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে চিহ্নিত করা সকল বধ্যভূমিই সরকার সংস্কার ও রক্ষণাবেক্ষনে ব্যবস্থা নেবে।
তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আওয়ামী লীগ সরকার আমলে গঠিত বধ্যভূমি চিহ্নিত ও রক্ষা কমিটির সদস্য এবং ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক সাংবাদিক শাহরিয়ার কবির ও ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডা. এমএ হাসান।
শাহরিয়ার কবির শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগ সরকার আমলে তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আজিজুর রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। কমিটি সারাদেশে তিন থেকে পাঁচ হাজার বধ্যভূমির সন্ধান পায়। তবে এসবের মধ্যে প্রায় ৫০০টি বধ্যভূমি চিহ্নিত করা হয়েছে। কিছু কিছু বধ্যভূমির সন্ধান পাওয়া গেছে, যা নদীর চরের সঙ্গে অথবা নদী ভাঙ্গনে হারিয়ে গেছে। আবার কিছু বধ্যভূমির ওপর বাড়ী বা অন্য স্থাপনা নির্মিত হওয়ায় এসবের অস্তিত্ব স্বীকার করছেন না সংশ্লিষ্ট ভূমি মালিকরা।
তার মতে, এসব বধ্যভূমির হিসাব বাদ দিলেও দেশে বর্তমানে কমপক্ষে তিন হাজার বধ্যভূমির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে।
তিনি আরো জানান, এসব বধ্যভূমি রক্ষায় জমি অধিগ্রহণ এবং একই নকশার স্মৃতিসৌধ নির্মাণে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছিল। এর অংশ হিসেবে বেশ কিছু এলাকায় বধ্যভূমি চিহ্নিত করে ব্যক্তি মালিকানাধীন জমিতে থাকা বধ্যভূমির জমি অধিগ্রহণ করা হয়েছিল। জমি হারানোর ভয়ে অনেকেই বধ্যভূমি থাকার কথা স্বীকার করেননি। কারণ কেউ হয়তো বধ্যভূমির জমিতে বাড়ী নির্মাণ করে বসবাস করছেন অথবা অন্য কোন স্থাপনা নির্মাণ করেছেন।
তিনি জানান, এরই মধ্যে সরকার পরিবর্তন হলে বিএনপি-জামায়াত জোট সরকার বধ্যভূমি চিহ্নিত ও রক্ষার কাজ বন্ধ করে দেয়। ফলে সব বধ্যভূমি চিহ্নিত ও উদ্ধার করা সম্ভব হয়নি। বরং বধ্যভূমি চিহ্নিত ও উদ্ধার কাজে নিয়োজিত কমিটির দুইজন সদস্যকে গ্রেফতার করে জেলে পুরে রাখা হয়। ফলে ওই কমিটি কার্যকারিতা হারায় এবং এক পর্যায়ে কমিটি বাতিল করা হয়।
দীর্ঘ ১৭ বছর ধরে বধ্যভূমি চিহ্নিত এবং উদ্ধার কাজে নিয়োজিত 'ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি'র আহ্বায়ক ডা. এমএ হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটি এ পর্যন্ত সারাদেশে ৯২০টি বধ্যভূমি চিহ্নিত করতে পেরেছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই রয়েছে ৭০টি। মিরপুর এলাকায় রয়েছে ২৩টি বধ্যভূমি। এছাড়াও দেশের ৮৮টি নদী এবং ৬৬টি ব্রীজ অথবা কালভার্ট ছিল ঘাতকদের বাঙ্গালী বধের চিহ্নিত স্থান। এছাড়াও বিভিন্ন এলাকার খোলা মাঠ অথবা খালগুলো বাঙ্গালী বধের স্থান হিসেবে চিহ্নিত হয়েছে।
তিনি জানান, প্রতিটি স্থানে কমপক্ষে ছয় থেকে সাতজন এবং সর্বোচ্চ শতাধিক মানুষকে হত্যা করার তথ্য কমিটির অনুসন্ধাণে পাওয়া গেছে। এই হিসেবে বধ্যভূমিগুলোতে পাঁচ লাখ মানুষের হাড়গোড় খুঁজে পাওয়া যেতে পারে।
বধ্যভূমিতে নিহত মানুষের সংখ্যা প্রায় ১৮ লাখ হতে পারে বলে উল্লেখ করে ডা. হাসান জানান, দেশে প্রায় পাঁচ হাজার বধ্যভূমি রয়েছে। এসব বধ্যভূমি থেকে আমরা মাত্র ৩০ শতাংশ মানুষের দেহাবশেষ খুঁজে পাচ্ছি। বাকী ৭০ শতাংশ দেহাবশেষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব হয়তো কোন খালে পড়ে রয়েছে অথবা নদীর স্রোতের সঙ্গে ভেসে গেছে।
তিনি জানান, ঢাকার মুসলিম বাজার বধ্যভূমির ওপর একটি মসজিদ তৈরী করা হয়েছে। গণহত্যার শিকার অধিকাংশ ব্যক্তির দেহাবশেষ যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে, সেখানেই তৈরী করা হয়েছে মসজিদের শৌচাগার। সেখানে আরো অনেকের দেহাবশেষ এবং মুক্তিবাহিনীর ব্যবহৃত আগ্নেয়াস্ত্র রয়েছে। একই ভাবে মিরপুর বাংলা কলেজের পেছনের আম বাগানের বধ্যভূমির অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। অথচ মুক্তিযুদ্ধে পর সেখান থেকে কয়েক ট্রাক মানুষের দেহাবশেষ অপসারণ করা হয়েছিল।
মিরপুরের শিয়ালবাড়িতে বধ্যভূমি দখল করে ব্যক্তিমালিকানাধীন কবরস্থান এবং মার্কেট তৈরীর কথা উল্লেখ করে ডা. হাসান বলেন, শিয়ালবাড়ির ওই বধ্যভূমিটি ছিল সর্বোচ্চ সংখ্যক গণহত্যার স্বাক্ষী। কিন্তু এক ব্যক্তি তা দখল করে মার্কেট তৈরী করেছে। কালাপানি এলাকায় বধ্যভূমির জমি সাগুফতা হাউজিং নামে এক আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়া হয়েছে। সরকার এসব বধ্যভূমি উদ্ধারে কোন পদক্ষেপ নিচ্ছে।
সরকারি হিসাবে বধ্যভূমি সংখ্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. হাসান বলেন, বধ্যভূমি চিহ্নিত ও রক্ষার ব্যাপারে মন্ত্রণালয়ের উদ্যোগ খুবই কম। ওই দায়িত্বে যারা বর্তমানে নিয়োজিত রয়েছেন, তাদের কমিটমেন্ট-এর যথেষ্ট অভাব রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জোরালো ভূমিকা নেয়া এসব বধ্যভূমি উদ্ধার ও রক্ষণাবেক্ষন করা সম্ভব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচডি-ইএইচবি/জিএনএ/১৫৫৫ ঘ.
bdnews24