ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কে এক দল খ্রিস্টান উগ্রবাদীর প্রচণ্ড মারের হাত থেকে চার ইহুদিকে রক্ষা করে 'বীর' আখ্যা পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ছাত্র হাসান আসকারী।
২৩ বছর বয়সী ইহুদি তরুণ ওয়াল্টার অ্যাডলের তার তিন বান্ধবীকে নিয়ে পাতাল রেলে করে যাওয়ার সময় গত সাত ডিসেম্বর এই ঘটনা ঘটে বলে নিউ ইয়র্ক পোস্ট পত্রিকা জানিয়েছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে অ্যাডলের বলেন, কেউ একজন তাদের 'মেরি ক্রিসমাস' বলে শুভেচ্ছা জানান। "হ্যাপি হানুকা" (ইহুদিদের উৎসব) বলে তারাও তাকে শুভেচ্ছা জানান। এরপর ১৪ জন ছেলে-মেয়ের খিৃস্টান দলটি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মারধর ও বিশ্রী গালিগালাজ করতে থাকে।
এসময় হট্টগোলের মধ্যে এগিয়ে যায় আসকারী। সে হামলাকারীদের একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তার ওপর চড়াও হয় দলটি। এই সুযোগে অ্যাডলের 'জরুরি ব্রেক' চাপলে পুলিশ এসে তাদের রক্ষা করে।
পত্রিকাটি জানায়, ইহুদিদের বাঁচাতে গিয়ে ক্রিস্টান দলটির প্রচণ্ড মার খেয়ে আসকারির দু'চোখ-নাক ফুলে যায়। কিন্তু এতে সে মোটেই দুঃখিত নয়। নিউ ইয়র্ক পোষ্টকে তিনি বলেন, "ওইসময় আমার যা করা উচিত মনে হয়েছে, আমি তাই করেছি। বাবা-মা আমাকে এটাই শিখিয়েছেন।"
তিনি বলেন, "ইসলাম মানুষের প্রতি মানুষকে সাহায্য-সহযোগিতা ও ভদ্র ব্যবহার করতে এবং দয়ালু হতে শিক্ষা দেয়।"
আসকারী সাহসে বিস্ময় প্রকাশ করে অ্যাডলের বলেন, "একজন মুসলিম ছেলে একজন ইহুদিকে বাঁচানোর জন্য ঝাঁপিড়ে পড়ছে, এটা সত্যিই বিস্ময়কর। আমরা হয়তো মার খেতে খেতে মারাই যেতাম। হাসান এসেই আমাদের বাঁচিয়েছেন। সে সত্যিই একজন বীর।"
হামলায় অ্যাডলেরের নাক ভেঙে গেছে এবং তার ঠোটের কাছে চারটি সেলাই করতে হয়েছে।
নিউ ইয়র্ক পোস্ট জানায়, ওয়াল্টার অ্যাডলের তার নতুন বন্ধু আসকারীকে ইহুদিদের আলোর উৎসবে দাওয়াত করে নিয়ে যায়। উৎসবে দুইজন রুটি ভাগ করে আনন্দে মেতে ওঠেন।
আসকারী হিসাবশাস্ত্রে পড়াশোনা করছে।
পাতাল রেলে ওই হামলার ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। এদের দুইজন এরআগে বর্ণবাদ সম্পর্কিত অপরাধের কারণে গ্রেপ্তার হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরবি/এমএইচবি/২২৪১ ঘ.
bdnews24