ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা 'স্বাধীনতা স্তম্ভ'র নির্মাণ কাজ নয় বছরেও শেষ হয়নি। সরকার বদলের সঙ্গে সঙ্গে প্রকল্পে পরিবর্তন বার বার হোঁচট খেয়েছে কাজ। এখন বন্ধ হয়ে থাকা এই স্মারকের নির্মাণ কাজ আগামী অর্থ বছরের আগে শুরুর ইঙ্গিতও দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ জুড়ে 'স্বাধীনতা স্তম্ভ' নির্মাণের উদ্যোগ নেয়। কাজ শুরু হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে প্রথমে প্রকল্পের কাজ বন্ধ করে দেয়। পরে প্রকল্পে সংশোধনী আনা হয়। ওই সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হলে প্রকল্পটি পাঠিয়ে দেয়া হয় নতুন মন্ত্রণালয়ে। সেই থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এর কাজ। এর মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ের মেয়াদ ফুরিয়েছে গত জুন মাসে।
প্রকল্পের বর্তমান অবস্থা জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল কাশেম মাহবুবুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রকল্পের কাজের মধ্যে প্রথম পর্যায়ে রয়েছে স্বাধীনতা স্তম্ভের মূল অবকাঠামো, ভূগর্ভস্থ ফোয়ারা, দেয়াল এবং দেয়ালে ম্যুরাল স্থাপন। দ্বিতীয় পর্যায়ে টাওয়ার নির্মাণ করা হবে।
তিনি বলেন, "আগামী অর্থবছরে প্রকল্পের কাজ আবার শুরু করা সম্ভব হবে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে প্রকল্প প্রণয়নের কাজ চলছে।"
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রকল্পের প্রথম পর্যায়ের কিছু কাজ হয়েছে; তবে দ্বিতীয় পর্যায়ের কাজ অর্থাৎ স্তম্ভের মূল অংশ টাওয়ার নির্মাণের কাজ এখনো শুরু করা যায়নি।
সচিব জানান, প্রকল্পের বাকি অংশের জন্য উন্নয়ন প্রকল্পের খসড়া (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। গণপূর্ত মন্ত্রণালয় ডিপিপি অনুমোদনের কাজ শুরু করেছে। চলতি ডিসেম্বরের মধ্যেই গণপূর্ত মন্ত্রণালয় ডিপিপি অনুমোদন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠাতে পারে। আগামী বছরের জানুয়ারি মাসে ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে যাবে। পরিকল্পনা কমিশনের অনুমোদন নিয়ে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।
১৯৯৮ সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পের মূল ব্যয় ধরা হয়েছিল ৮১ কোটি ২৭ লাখ ৩৯ হাজার টাকা। ওই সময় প্রকল্পের অধীনে ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ১০০ ফুট উচ্চতার একটি টাওয়ার নির্মাণের প্রস্তাব করা হয়।
১৯৯৯ সালে তৎকালীন পূর্ত সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কয়েকটি দেশ ভ্রমণ করে টাওয়ার নির্মাণের বিষয়টি যাচাই করেন। ওইসব দেশের স্থাপনা দেখে তারা ১০০ ফুটের পরিবর্তে ১৫০ ফুট উচ্চতার ১৯ মিলিমিটার পুরু কাচের ৭৫ মিলিমিটার প্রশস্ত টাওয়ার নির্মাণের প্রস্তাব করেন। তখন এ জন্য ব্যয় ধরা হয় ৬৭ কোটি ৭০ লাখ টাকা।
সে প্রস্তাবনা অনুযায়ী ২০০১ সালের ১০ জুলাই ১৭১ কোটি ২৭ লাখ ২৮ হাজার টাকা ব্যয় নির্ধারণ করে প্রকল্পের প্রথম সংশোধনী একনেকে অনুমোদিত হয়।
কিন্তু ওই বছরই সরকার পরিবর্তন হয়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে। তারা কৃচ্ছ সাধনের নামে প্রথমে প্রকল্পের কাজ বন্ধ করে দেয়। পরবর্তীকালে প্রকল্পের দ্বিতীয় সংশোধনী আনা হয়। ওই সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হলে প্রকল্পটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
জোট সরকার কাচের টাওয়ার নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রকৌশলী এমআর ওসমানীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। বিশেষজ্ঞ কমিটি কাচের টাওয়ার বাদ দিয়ে পুনরায় ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ১০০ ফুট উঁচু টাওয়ার নির্মাণের প্রস্তাব করে। একই সঙ্গে অন্য অংশগুলোর কাজগুলোও সংশোধিত বরাদ্দ দিয়ে শেষ করার সুপারিশ করে। কিন্তু কাজ অসমাপ্ত রেখেই জোট সরকারও ২০০৬ সালে বিদায় নেয়।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর প্রকল্পের ১০০ ফুট উঁচু টাওয়ার নির্মাণের কাজটি আবার স্থগিত করে। প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। সে কমিটির প্রস্তাব অনুযায়ী প্রকল্পে পুনরায় কাঁচের টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে সচিব মাহবুবুল আলম জানান, টাওয়ারের জন্য উন্মুক্ত পদ্ধতিতে নকশা আহ্বান করা হবে। সেখান থেকে নকশা চূড়ান্ত করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমকে/এমআই/এমএ/১৭০০ঘ.
bdnews24