২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর সীমান্তে নয় ভারতীয়কে পুশইন, পরে পুশব্যাক

দিনাজপুর সীমান্তে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ সে দেশের নয় বাংলাভাষী নাগরিককে পুশইন করে। পরে বাংলাদেশ রাইফেলস- বিডিআর জওয়ানরা তাদের পুশব্যাক করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 10:21 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

দিনাজপুর, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর সীমান্তে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ সে দেশের নয় বাংলাভাষী নাগরিককে পুশইন করে। পরে বাংলাদেশ রাইফেলস- বিডিআর জওয়ানরা তাদের পুশব্যাক করে দেয়। বিডিআর দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবীর জানান, শুক্রবার ভোর ৪ টায় বিএসএফ সদস্যরা দক্ষিণ দিনাজপুরের কামদেবপুর ক্যাম্পের ৩০৮ নম্বর পিলার দিয়ে ভারতের বাংলা ভাষী ছয় শিশু ও তিন মহিলাকে পুশইন করে। মোহনপুর ক্যাম্পের বিডিআর সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ভোর ৫ টায় একই সীমান্ত পথে পুশব্যাক করে দেয়। এ ঘটনার পর সীমান্তে বিডিআরকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। চুয়াডাঙ্গা দামুরহুদা সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, দামুরহুদা রাজাপুর সীমান্তে বৃহস্পতিবার গভীররাতে বিএসএফ সদস্যরা এক রাউন্ড গুলি বর্ষণ করে। রাজাপুর সীমান্তে বাহাত্তর নাম্বার মেইন পিলার বরাবর ভারতের গেতে আমবাগান বিএসএফ কেম্পানির সদস্যরা এই গুলি বর্ষণ করে। এই ঘটনার পরপরই বিডিআর সদস্যরা পাল্টা দুই রাউন্ড গুলি ছুঁড়ে প্রতিবাদ জানায়। চুয়াডাঙ্গা বিডিআর ৩৫ রাইফেল ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মীর মোতাহার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬১০ ঘ.