২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মা-মেয়ে খুন

বরিশাল নগরীর কালীবাড়ী রোডের বিএম স্কুল সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে এক নারী ও তার স্কুল পড়ুয়া মেয়ে খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 07:39 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

বরিশাল, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর কালীবাড়ী রোডের বিএম স্কুল সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে এক নারী ও তার স্কুল পড়ুয়া মেয়ে খুন হয়েছে। নিহতরা হচ্ছে, কাজল বেগম (৩০) ও তার মেয়ে বরিশাল জগদীশ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার। তারা বিএম স্কুল সংলগ্ন রাজিয়া প্যালেস নামে একটি বাড়ির নিচ তলার থাকতেন। শুক্রবার সকালে কোতয়ালি থানা পুলিশ বাসার দরজা ভেঙে দুজনের লাশ উদ্ধার করে। কাজল বেগমের স্বামী মোহাম্মদ সোহেল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ঢাকায় চাকরি করি। স্ত্রী ও মেয়ে রাজিয়া প্যালেসের নিচ তলায় ভাড়া থাকত। প্রতিদিন তাদের সঙ্গে ফোনে কথা হত। সর্বশেষ বুধবার সকালে তাদের সঙ্গে কথা হয়েছে। এরপর থেকে তাদের ফোনে পাচ্ছিলাম না।" মোহাম্মদ সোহেল জানান, স্ত্রী-সন্তানের খবর নিতে বৃহস্পতিবার সকালে তিনি তার ভাইকে বাসায় পাঠালে সে বাসার দরজায় তালা ঝুলতে দেখে। শুক্রবার সকালে নিজে বাড়ি ফিরেও দরজায় তালা দেখতে সোহেল। তিনি বলেন, "বিষয়টিতে আমার মনে সন্দেহ জাগে। তাই আমি বাইরে থেকে জানালা ভেঙে দেখি শোবার ঘরে মেয়ের লাশ পড়ে আছে। ওই দৃশ্য দেখে চিৎকার দিলে লোকজন জড়ো হয়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।" কোতয়ালি মডেল থানায় দায়িত্ব পালনকারী সহকারী পুলিশ কমিশনার (এসিপি) হায়াতুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কাজল বেগমের মুখমণ্ডল ঝলসে দেয়া হয়েছে। তার মেয়ের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।" হায়াতুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য লাশটি শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাজল বেগমের স্বামী সোহেল ও রাজিয়া প্যালেসের তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩৩২ ঘ.