ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় শুক্রবার ভোররাতে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে দুই জন নিহত ও চার জন আহত হয়েছে।
নিহতরা হলেন, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তেলিনগর মাদ্রাসার শিক্ষক আবু সালেহ (৩৫) ও প্রাইভেটকার চালক শহরের মেড্ডা এলাকার আরজ আলী (৩২)।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখলাক হোসেন বলেন, "ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ারগামী প্রাইভেট কারটি ভোররাতে বেড়তলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। কারচালক আরজ আলী ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেয়া পথে মারা যায় আবু সালেহ।"
আহতদের শহরের জগত বাজারের ব্যবসায়ী জসীম উদ্দিনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ওসি ধারণা করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩১৬ ঘ.ৃ
bdnews24