ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে দ্বিতীয় কূপ খননের কাজ আগামি জানুয়ারি মাসে শুরু হবে। প্রথম কূপ খননের দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় কূপটি খনন করা হচ্ছে।
শাহবাজপুর গ্যাস ফিল্ড মূল্যায়ন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর মহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী মাসের শেষ নাগাদ দুই নম্বর কূপ খননের কাজ শুরু হবে। ইতোমধ্যেই সেখানে যন্ত্রপাতি পাঠানোর কাজ শুরু হয়েছে।
তিনি জানান, প্রথম কূপ খননের পর প্রায় ১১ বছর পর দ্বিতীয় কূপ খননের কাজ শুরু হচ্ছে।
বাপেক্স সূত্রে জানা গেছে, এক নম্বর কূপ থেকে প্রায় এক মাইল দূরে দুই নম্বর কূপটি খনন করা হবে। ১৯৯৫ সালের শেষ দিকে বাপেক্স শাহবাজপুরে একটি কূপ খনন করে গ্যাসের সন্ধান পায়। এই কূপে দশমিক ৫৫ টিসিএফ গ্যাস মজুদ রয়েছে বলে জানা গেছে। দুই নম্বর কূপ খনন করা হলে এই ক্ষেত্রে মোট কি পরিমাণ গ্যাস মজুদ আছে সেটা নিশ্চিত হওয়া যাবে। মজুদের পরিমাণ বেশি হলে গ্যাস উত্তোলনের জন্য বৃহৎ আকারে কাজ শুরু হবে।
সূত্রটি জানায়, বাপেক্সের রিগ (কূপ খননকারী যন্ত্র) স্বল্পতার কারণে এতদিন শাহবাজপুরে কূপ খনন করা যায়নি। বর্তমানে বাপেক্সের মাত্র একটি রিগ রয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডের একটি রিগ বাপেক্স ব্যবহার করে। শাহবাজপুরে কূপ খননের জন্য সিলেট গ্যাস ক্ষেত্র থেকে রিগ নেয়া হচ্ছে।
এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ ও সুন্দরপুর, গাজীপুরের কাপাসিয়া, কুমিল্লার শ্রীকাইল ও পাবনার মোবারকপুরে তেল গ্যাস অনুসন্ধানের কাজও সহসাই শুরু করবে বাপেক্স।
নাম প্রকাশ না করার শর্তে বাপেক্সের একজন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত না হওয়ায় শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কাজ শুরু হয়নি। এই ক্ষেত্রের গ্যাস ওপর ভিত্তি করে সেখানে একটি বিদ্যুৎ কেন্দ্র করা কথা ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/এমএ/১৭৪৫ঘ.
bdnews24