মিশিগান (যুক্তরাষ্ট্র), ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "একাত্তরে যারা বাংলাদেশকে চায়নি, তাদের এখন বাংলাদেশে বসবাসের অধিকার নেই। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে, তাদের অবশ্যই বিচার হতে হবে দেশের মাটিতেই। আমি সেই প্রতীক্ষায় আছি, থাকব।" একাত্তরে রণাঙ্গনে নারী যোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা চিকিৎসক ক্যাপ্টেন সিতারা বেগম, বীর প্রতীক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই শুরু করেন মুক্তিযুদ্ধ নিয়ে তার কথা।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রবাস জীবন কাটালেও দেশের মায়া এখনো তাকে মাতৃভূমিতে ফিরে যাওয়ার হাতছানি দেয়। তিনি বলেন, "স্বামীর সঙ্গে মিশিগানের 'কালামাজু' শহরে থাকি। কিন্তু বাংলাদেশের কথা মনে হলেই অতীতচারী হয়ে পড়ি। কত স্মৃতি মনের ক্যানভাসে ভেসে বেড়ায়। এর একটা বিশাল অংশ জুড়ে আছে আমাদের মুক্তিযুদ্ধ।"
যুদ্ধের ৩৬ বছর পরও যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ার বিষয়টি সিতারা বেগমের কাছে বেদনাদায়ক। বেদনার্ত এই বীর যোদ্ধা বলেন, "একাত্তরে প্রবাসী সরকারের অধীনে আমরা মুক্তিযুদ্ধ করেছি। যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা দেশের শত্র"। কেনো ওদের বিচার করা যাবে না? সে সময়ে যারা গণহত্যা ও দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের বিচারের ব্যবস্থা করা সরকারেরই দায়িত্ব।"
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর কনিষ্ঠতম বাঙালি নারী চিকিৎসক ছিলেন ডা. সিতারা বেগম। কর্মস্থল কুমিল্লা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। ক্যাপ্টেন সিতারা বেগমের বড় ভাই মেজর এ টি এম হায়দার ছিলেন মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর কমান্ডার। ভাই-বোন দুজনেই প্রায় কাছাকাছি সময়ে পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নেন।
স্মৃতির সাগরে ডুব দিয়ে ডা. সিতারা বেগম বলেন, "মুক্তিযুদ্ধের স্মৃতির ইতিহাস বিশাল। সেই রঙিন ক্যানভাস আজো আমাকে পেছনে টানে। ওই স্মৃতি ভুলবার নয়। এতো কম সময়ে তা বলেও শেষ করা যাবে না। একাত্তরে ঈদের ছুটিতে বাড়িতে যাই। মাসটি ছিল ফেব্র"য়ারি। স্বাধিকার আন্দোলন ও পাকিস্তানি শাসকদের অন্যায়-অত্যাচার এমন পর্যায় পৌঁছেছিল যে, পুরো দেশে অস্থিরতা বিরাজ করছিল। এ রকম অবস্থায় আমি বাড়িতে গিয়ে আর কুমিল্লা সেনানিবাসে ফিরে যাইনি। কিশোরগঞ্জের বাড়ি থেকে সোজা যুদ্ধে। অনেক পথ অতিক্রম করে সিলেটে। এরপর করিমগঞ্জ দিয়ে শিলং হয়ে নানা পথে আগরতলার মেলাঘর মুক্তিযোদ্ধা ক্যাম্পে।''
রণাঙ্গনের হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযাদ্ধাদের চিকিৎসা দেয়াই ছিল তার প্রধান কাজ। তবে সেনা কর্মকর্তা হওয়াতে অস্ত্র পরিচালনার প্রশিক্ষণও ছিল তার। তিনি বলেন, "আগরতলার কাছে বিশ্রামগঞ্জে হাসপাতাল খুলে আমি প্রথমে চিকিৎসা কার্যক্রম শুরু করি। হাসপাতালটি বাঁশের বেড়ায় আচ্ছাদিত। বাঁশের মাঁচায় বিছানা বানিয়ে চিকিৎসা করা হতো। অনেক সাধারণ মানুষের চিকিৎসাও মুক্তিযোদ্ধা হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। কেউ যুদ্ধাহত, কেউ গুলিবিদ্ধ, কারো আবার পেটের পীড়া, চোখের উপসর্গ ইত্যাদি অনেক রকমের রোগী আসতো এখানে।"
নিজের মুক্তিযুদ্ধে যাওয়ার কারণ জানাতে গিয়ে সে সময়কার ২৫ বছর বয়সি সেনা চিকিৎসক ক্যাপ্টেন সিতারা বলেন, "পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তান সরকারের বৈষ্যম্য, স্বাধিকারের জন্য যুক্তফ্রন্টের সংগ্রাম, '৫২-র ভাষা আন্দোলনে ছাত্র -জনতার আত্মত্যাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও ২৫ মার্চে পাকিস্তানি সৈন্যদের অর্তকিতে আক্রমণ- এসব কারণই দেশ মাতৃকার হয়ে আমাকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করে। আমার প্রেরণার উৎস বড়ভাইয়ের যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তেও আমি আরেক ধাপ উৎসাহিত হয়েছি।"
যুদ্ধ চলাকালীন স্মৃতির ঝাঁপ খুললে মর্মন্তুদ অনেক ঘটনাই চলে আসে সিতারা বেগমের চোখের সামনে। সেগুলোর মধ্যে থেকে একটি ঘটনার কথা বলে যান আনমনে- "একাত্তরের নভেম্বর মাস। যুদ্ধে মারাত্মক আহত হয়ে আহসান উল্লাহ নামে এক যুবক চিকিৎসার জন্য এসেছে আমাদের হাসপাতালে। নরসিংদী তার বাড়ি। বয়স ২২/২৩। আহত আহসান উল্লাহ টিটেনাসে আত্রান্ত হয়েই এখানে এসেছে। সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে ঘাঁ। বুঝতে পারছিরাম তাকে বাঁচানো যাবে না। সাধ্যমত প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে অ্যাম্বুলেন্সে করে আগরতলা হাসপাতালে পাঠালাম। যাওয়ার বেলা আহসান উল্লাহ বলেছিলো, 'আমি স্বাধীনতা চাই আপা।' পরে শুনেছি সে আর বিজয়ের গান শুনে যেতে পারেনি। বিজয়ের একমাস আগে তার বিদায় আমাকে এখনো নাড়া দেয়।"
স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদের 'অবমূল্যায়ন' নিয়ে প্রবাসী সিতারার ক্ষোভ অনেক। তিনি বলেন, "সাধারণ মুক্তিযোদ্ধাদের জন্য কোনো সরকারই কার্যত কিছুই করেনি। অনেক মুক্তিযোদ্ধা ভিক্ষা করে জীবন চালান। দিনমজুর, রিকসাচালকও আছেন। অথচ জামায়াতে ইসলামী ও শান্তি কমিটির লোকেরা আল-বদর, রাজাকার আর আল-শামস নামে মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও তারা মন্ত্রী-এমপি হয়ে জনগণের সম্পদ লুট করছে। এর চেয়ে বেদনা ও দুর্ভাগ্যের বিষয় একটি জাতির জন্য কী হতে পারে।"
১৯৯৬ সালে সিতারা বেগম দেশে গেলে আনুষ্ঠানিকভাবে বীরপ্রতীক উপাধি দিয়ে তাকে সম্মানিত করেছিল সরকার। তিনি বলেন, "সে সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মুক্তিযোদ্ধার সন্তানদের পড়াশোনা ও চাকুরি কোটা সংরক্ষণ করার জন্য ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলাম। কিন্তু সরকারের একজন মন্ত্রী আমাকে বলেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য আর্থিক সাহায্য টেবিলেই ভাগ-বাটোয়ারা হয়ে যায়।"
বাংলাদেশের মুক্তিযুদ্ধে দুজন নারী বীরপ্রতীক উপাধি পেয়েছেন। এদের একজন ক্যাপ্টেন সিতারা বেগম আর অন্যজন তারামন বিবি। ডা. সিতারা যুদ্ধের পর ১৯৭৩ সালে স্বামী ডা. আবিদুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র চলে যান। সেই থেকে তিনি প্রবাসে। মাঝে-মধ্যে দেশে আসেন। এক মেয়ে ও দুই ছেলের জননী তিনি। বড় মেয়ে আমেরিকান নৌবাহিনীতে মনোবিজ্ঞানী হিসেবে কর্মরত। বড় ছেলে ক্যালেফোর্নিয়াতে আছেন আইন পেশায়। আর ছোটটি ভার্জিনিয়াতে প্রকৌশলী হিসেবে কাজ করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/জিএনএ/১৪১৫ ঘ.
bdnews24