ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুটি চাঁদাবাজির মামলায় তারেক রহমানকে ও একটি চাঁদাবাজির মামলায় তার ছোট ভাই আরাফাত রহমান কোকোকে জামিন দিয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সরকারকে লিভ-টু-আপিল দায়ের করতে অনুমতি দিয়েছে সুপ্রিমকোর্ট।
হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য সরকারের দায়ের করা তিনটি আবেদনের ওপর শুনানি গ্রহন শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগ এই অনুমতি দেন।
সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। তারেক ও কোকোর পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
চাঁদাবাজির অভিযোগে দায়ের করা দুটি মামলায় ২ ডিসেম্বর হাইকোর্ট থেকে জামিন পান খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি নেতা তারেক রহমান। ৩ ডিসেম্বর তারেকের ছোট ভাই কোকোকেও একটি চাঁদাবাজির মামলায় জামিন দেন আদালত।
১ এপ্রিল ধানমন্ডি থানায় এবং ৯ এপ্রিল শাহবাগ থানায় তারেকের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
ধানমন্ডি থানায় তারেকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ব্যবসায়ী নেতা মীর নাসিরের ভাই, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর জহির হোসেন। এ মামলায় ৫৩ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়। এ ছাড়া শাহবাগ থানায় মামলা করেন আবদুল মোনেম লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল বাশার। এ মামলায় ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়।
১ কোটি ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে কোকোর বিরুদ্ধে গত ১৬ মে মামলা করেন বিজ্ঞাপনী সংস্থা অ্যাড মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও কোকোর ব্যবসায়িক অংশীদার আবু আহম্মেদ জায়েদান রাব্বি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১৩২৫ ঘ.
bdnews24