ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত সচিব পর্যায়ের চার কর্মকর্তা এবং যুগ্ম সচিব পর্যায়ে দুই কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান সুনিল কান্তি বোসকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান, বিআরটিসির চেয়ারম্যান আবু বকর মো. শাহজাহানকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) নির্বাহী পরিচালক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক আব্দুল মান্নান হাওলাদারকে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মিহির কান্তি মজুমদারকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার (যুগ্ম-সচিব) মোঃ হাফিজুর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) এবং সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) মো. শোয়াইবকে রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার পদে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/২৩১০ ঘ.
bdnews24