ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতারণার মাধ্যমে ক্রেতাদের কাছে ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত চার দুর্নীতি মামলায় গ্লোব কনস্ট্রাশন লিমিটেডের চেয়ারম্যান ও জনকণ্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদসহ কয়েকজনের বিরুদ্ধে চারটি আলাদা অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের উপ সহকারী পরিচালক আবুল কাশেম বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রগুলো দাখিল করেন।
এ চার মামলার মধ্যে একটি গত ৯ আগস্ট ও অন্য তিনটি গত ৩০ সেপ্টেম্বর মতিঝিল থানায় দায়ের করেন কমিশনের উপ সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান।
৯ আগস্ট মতিঝিল থানায় করা মামলার অভিযোগে বলা হয়, আতিক উল্লাহ মাসুদ অন্য অভিযুক্ত রাজউকের কর্মকর্তা এস এম আসাদুজ্জামান ও ইমারত পরিদর্শক আবদুল লতিফের সঙ্গে যোগসাজশে মিরপুরে সিটি করপোরেশনের জমিতে করা ফ্ল্যাট কেনার প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।
একই থানার অন্য তিন মামলার আতিক উল্লাহ খান মাসুদসহ রাজউকের কর্মকর্তা এস এম আসাদুজ্জামান, এ টি এম কামরুজ্জামান খান, খন্দকার ফওজী মো. বিন ফরিদ, ইমারত পরিদর্শক সোহরাব মিয়া ও পিয়ন এস এম আকরাম হোসেনের বিরুদ্ধে সার্কুলার রোড, হোসনী দালান রোড ও সেগুনবাগিচার ফ্ল্যাট বিক্রির নাম করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়।
মামলা তিনটির অভিযোগপত্রে ইমারত পরিদর্শক সোহরাব মিয়া ও পিয়ন আকরাম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রতারণার এ চার মামলা ছাড়াও আতিক উল্লাহ খান মাসুদের বিরুদ্ধে রমনা থানার ১৩টি ও মতিঝিল থানায় চারটি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএ/১৭০৫ ঘ.
bdnews24