ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ইত্তেফাক ভবনে অতীতে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর জন্য পত্রিকাটির অন্যতম মালিক আইন ও তথ্য উপদেষ্টা মইনুল হোসেনকে দায়ী করে তার পদত্যাগ ও গ্রেপ্তার দাবি করেছেন সাংবাদিক নেতা ও ইংরেজি দৈনিক 'দি বাংলাদেশ অবজারভার' এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
সাংবাদিক কর্মচারীদের নতুন বেতন ভাতা নির্ধারণে সরকার ঘোষিত ৬ষ্ঠ ওয়েজ বোর্ডের সুপারিশমালায় 'অসঙ্গতি' দূর করার দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচিতে ইকবাল সোবহান চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, "মইনুল হোসেন নিজের স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করেছেন।"
তার মালিকানাধীন দৈনিক ইত্তেফাকে এ পর্যন্ত সংঘটিত সব খুনের ঘটনার তদন্ত করার দাবি জানান ইকবাল সোবহান।
তিনি বলেন,"ইত্তেফাক কার্যালয়ে খুনের ঘটনাসহ সাংবাদিক-কর্মচারী ছাঁটাইয়ের ঘটনায় মইনুল হোসেনই দায়ী। এ সমস্ত ঘটনা তদন্ত করতে হবে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ সরকারের সব গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করাতে হবে।"
ইত্তেফাক কার্যালয়ে টাস্কফোর্সের অভিযান চালানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সভায় উপস্থিত অন্য সাংবাদিক নেতারাও ইত্তেফাক মালিকের সমালোচনা করেন। ৬ষ্ঠ ওয়েজবোর্ড সংশোধনের দাবিতে বের করা মিছিলে সাংবাদিকরা তার বিরুদ্ধে শ্লোগান দেন।
বিএফইউজের একাংশের সভাপতি আলতাফ মাহমুদ বলেন, "মইনুল হোসেন ওয়েজ বোর্ডের বিরুদ্ধে মামলা করেছিলেন এবং সে মামলায় হেরে গিয়েছেন। এ কারণে তিনি এমন এক ওয়েজ বোর্ড ঘোষণা করেছেন যাতে সাংবাদিকরা বঞ্চিত হয়।"
মইনুল হোসেনের জন্য সাংবাদিকরা রাজপথে নেমেছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৬৩৩ ঘ.
bdnews24