ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কমলাপুর, যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় তাদের ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশা, মরিচের গুড়া মিশানো ১৩টি মলমের কৌটা, ছিনিয়ে নেওয়া প্রায় আড়াই হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার র্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো শাহ আলম, বাবুল হোসেন, আলম গাজী, সিদ্দিক, বাবুল ও নূর হোসেন। র্যাব- ১ এর হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কমলাপুর ও যাত্রাবাড়ি এলাকায় ওৎ পেতে থাকা র্যাব সদস্যরা অজ্ঞান ও মলম পার্টির ছয় সদস্যকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ি, কমলাপুর, সায়েদাবাদ, সদরঘাটসহ বিভিন্ন এলাকায় কার্যক্রম চালাচ্ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/এসএনডি/২১২৯ ঘ.
bdnews24