ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- গ্রামীণফোনের প্রধান অংশীদার টেলিনর এএসএ - এর ডেনমার্ক ও পাকিস্তানের দুটি অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দিয়েছে।
মঙ্গলবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেনমার্কে টেলিনরের প্রতিষ্ঠান সনোফোন দুর্গতদের জন্য ১০ লাখ টাকা এবং টেলিনর পাকিস্তান আরও ১০ লাখ টাকা অনুদান দেয়।
এর আগে গ্রামীণফোন দুর্গতদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা দান করে। এছাড়া টেলিনর দু কোটি ৩০ লাখ টাকা এবং গ্রামীণফোনের কর্মীরা তাদের একদিনের বেতন দুর্গতদের দান করেছে।
এরই মধ্যে গ্রাহকদের কাছ থেকে দান সংগ্রহে ৫০ টি গ্রামীণফোন সেন্টারে দান বাক্স বসানো হয়েছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এই দান সংগ্রহের পর তা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/ ১৬৪৫ ঘ.
bdnews24