বগুড়া, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরের ফতেহ আলী বাজারে মঙ্গলবার একজন দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় ক্ষুব্ধ হয়ে এক ঘন্টা বাজার বন্ধ রাখেন দোকান মালিকরা। পরে জেলা প্রশাসক বাজার সমিতির সঙ্গে আলোচনার আশ্বাস দিলে তারা আবার দোকান খোলেন।
মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে সহকারী কমিশনার হারুন-অর-রশীদের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ফতেহ আলী বাজারে হাজী রমজান আলী স্টোরের বিভিন্ন মালামাল পরীক্ষা করে। এসময় ঘি'-এর প্যাকেটে বিএসটিআই সিল না থাকায় সাত হাজার টাকা জরিমানা আদায় করে। এ ঘটনায় বাজারের দোকান মালিক-কর্মচারিরা বিক্ষুদ্ধ হয়ে উঠলে ভ্রাম্যমাণ আদালত বাজার থেকে চলে যায়।
দোকান মালিক কর্মচারিরা ঘটনার প্রতিবাদে কাঁচামাল ও মুদি দোকানসহ সব দোকানপাট বন্ধ করে বাজারের প্রধান ফটক অবরোধ করে রাখে।
পরে দুপুর সোয়া ১টায় বাজার সমিতির সভাপতি নুরুল ইসলাম ওমর দোকান খোলার নির্দেশ দিলে সবাই দোকান খোলে।
বাজার সমিতির সভাপতি নুরুল ইসলাম ওমর জানান, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি সন্ধ্যায় সমিতির নেতাদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৫ ঘ.
bdnews24