ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হয়েছেন ঢাকা সিটি কলেজের এক ছাত্রী। সাদিয়া আফরিন সূচি নামের ওই ছাত্রী মঙ্গলবার ধানমন্ডি ৫ ও ৬ নম্বর সড়কের মাঝামাঝি একটি স্থানে বাসের ধাক্কা খায়।
এ ঘটনাকে কেন্দ্র করে সে সময় ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। কলেজের একদল ছাত্র বিক্ষোভ প্রদর্শন করে এবং যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করে ও ভাংচুর চালায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের মাঝে উত্তেজনা দেখা দেয়। তবে তারা কোন ভাংচুর করেনি।"
তিনি বলেন, এই ঘটনায় বাস এবং চালকের সহযোগীকে আটক করে থানা নেয়া হয়েছে।
সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সাদিয়া আফরিন সূচির শেষ মাসিক পরীক্ষা ছিল মঙ্গলবার। এদিন সে কম্পিউটার এবং সাচিবিক পরীক্ষা দিয়ে ১১১/৪ উত্তর যাত্রাবাড়ি'র বাসায় ফিরছিল। সকাল ১১ টা থেকে সাড়ে ১১টার দিকে রাস্তা পারহওয়ার সময় উল্টোদিক থেকে দ্রুতগামী বাসটি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত সূচিকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। দুপুর সাড়ে ১২ টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
সহপাঠির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সিটি কলেজের ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বিক্ষোভ প্রদর্শন করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্ররা চলন্ত যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাংচুর করে।
মৃত্যুর খবর পেয়ে সূচির আত্মীয় স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সূচি ২ ভাই ২ বোনের মধ্যে সবার বড়। তার বাবা'র নাম আনিসুর রহমান, মা আছমা রহমান। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার মশদ গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/১৫৪০ ঘ.
bdnews24