ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--শীতমোড়া প্রশান্ত এক শিশির ভেজা ভোরে এ মাটির শ্রেষ্ঠ এক বীরকে গ্রহন করা হয়েছে তাদের কাঙ্খিত মুক্ত রাজধানীর মাটিতে। কফিনে মোড়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মরদেহ এখন জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে জাতীয় প্যারেড স্কায়ারে। এখানে রাষ্ট্রপতি আনুষ্ঠানিক ভাবে কফিন গ্রহণ করবেন।
বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুরের কফিন বহনকারী মটর শোভা যাত্রা কুমিল্লা সেনা নিবাস থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় ভোর ৬ টা ৫ মিনিটে। সেনা বাহিনীর চৌকষদল ৩৩ পদাতিক ডিভিশনের সদস্যরা হামিদুর রহমানের কফিন বহন করে ঢাকায় নিয়ে আসে। ৯ টা ৩৫ মিনিটে জাতীয় প্যারেড স্কোয়ারে বীরের কফিন গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সশস্্র বাহিনী বিভাগের কর্মকর্তারা।
সোমবার বিকেলে শহীদ সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ কুমিল্লা সেনা নিবাসে পৌঁছায় । সেখানে বীরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এখানেই রাত কাটিয়ে ভোরেই কফিন নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে সেনা বাহিনীর একটি চৌকষ দল। ভোর থেকে রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে বীরের কফিন দেখার জন্য, তার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর জন্য।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানকে সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ উভয়ে হামিদুর রহমানের দেহাবশেষ কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এসময় তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্রবাহিনী চৌকষ দল গার্ড অব অনার প্রদান করবে।
এরপর বিকেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কফিন শোভাযাত্রাসহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় পুনঃসমাধিস্থ করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এসএম/জিএনএ/১০৩৫ ঘ.
bdnews24