ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেছেন।
বঙ্গভবন থেকে ফিরে উপাচার্য টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে তার আলোচনা হয়েছে।
তবে ঢাকা বিশ্বদ্যিালয়ের কারাবন্দি শিক্ষক ও ছাত্রদের মুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রশ্নটি তিনি এড়িয়ে যান।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক মুক্তি পাওয়ার পর এর প্রতিক্রিয়ায় অধ্যাপক ফায়েজ দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "তারা সম্মানজনকভাবে ফিরে এসেছেন বলে আমি খুব খুশি হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারেও এরকম সুন্দর সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/জেকে/২২১৭ ঘ.
bdnews24