সাভার, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ যুব সমাজকে 'সমকালীন বিবেক' আখ্যায়িত করে বলেছেন, "যুবকদের উদ্দীপনা, দৃঢ়তা ও সাহস ভবিষ্যতের ব্যাপারে আমাদের আশাবাদী করে তোলে। তাদের অভিলক্ষ্য, দূরদৃষ্টি, উদ্যম ও ইতিবাচক পরিবর্তনের অদম্য ইচ্ছা আমাদেরকে প্রকৃত অনুপ্রেরণা যোগায়। সামাজিক সংকট উত্তরণে তাদের তীব্র আকাঙ্খা এবং ঝুঁকি গ্রহণের সাহস আমাদের উন্নতির গুরুত্বপূর্ণ উপাদান।"
সোমবার সাভারে প্রথম সার্ক যুব ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, "দক্ষিণ এশীয় জনগণের সর্ম্পক উন্নয়নের ও সার্কভূক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান সম্পর্কের ঘাটতি পূরণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে যুব ক্যাম্প। এই ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এ অঞ্চলের যুব সমাজকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমাদের আগামী দিনের নেতৃবৃন্দের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা।"
সাভারে জাতীয় যুব কেন্দ্রে সকাল ১০ টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা বেলুন ও শান্তিকপোত উড়িয়ে সার্ক যুব ক্যাম্প ২০০৭ উদ্বোধন করেন।
কেন্দ্রের মিলায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. ফখরুদ্দীন দক্ষিণ এশিয়া প্রসঙ্গে বলেন, "এ অঞ্চলের উন্নত সংস্কৃতি, নৃতাত্ত্বিক, ধর্মীয় এবং আর্থ সামাজিক বৈচিত্রের পাশাপাশি আমাদের রয়েছে অভিন্ন মূল্যবোধ, ইতিহাস, ঐতিহ্য যা আমাদেরকে এক সুতোয় বেঁধে রেখেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের হৃদয়-মনকে আরও সংযুক্ত করে আমরা এ অঞ্চলে বৈচিত্র্যের মাঝেও অনন্য ঐক্য স্থাপন করতে সক্ষম হবো।"
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডা. মো. গোলাম মোস্তফা তালুকদার ও প্রথম সার্ক যুব ক্যাম্প এর জাতীয় সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও যুব অধিদপ্তরের মহাপরিচালক ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে নকশি কাঁথা উপহার দেন যুব উন্নয়নের পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী।
যুব ক্যাম্পে অংশ নিচ্ছেন সার্কভুক্ত সাতটি দেশের ১৫০ জন তরুণ-তরুণী।
অংশ গ্রহণকারীদের মধ্যে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভারতের শওকত দাস ও বাংলাদেশের নাজমুস সাহাদাত।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা জাতীয় যুব কেন্দ্র প্রাঙ্গনে আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩২ ঘ.
bdnews24