ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তদন্তের জন্য গ্রামীণফোন কার্যালয় থেকে কল লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।
যৌথভাবে তদন্ত পরিচালনারত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এসব তথ্য সংগ্রহ করে।
তদন্ত শেষ হলে ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার দায়ে গ্রামীণ ফোনের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে বলে বিটিআরসি কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে র্যাব বলেছে, মামলা করার এখতিয়ার বিটিআরসি-র হলেও গ্রামীণফোন এবং অভিযুক্ত অ্যাকসেসটেলের 'অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার তথ্যপ্রমাণ' তাদের (র্যাব) হাতে রয়েছে।
বিটিআরসির সহকারি পরিচালক জিয়ান শাহ কবীর রোববার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত চলছে। বৃহস্পতিবার গ্রামীণের প্রধান কার্যালয় থেকে আর্থিক লেনদেন ও কারিগরি তথ্যসংক্রান্ত বেশকিছু কাগজপত্র ও ফাইল জব্দ করা হয়েছিল। সেগুলো পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হচ্ছে। এছাড়া আজও আমরা গ্রামীণের প্রধান কার্যালয়ে গিয়ে ২০০৬ সালের মার্চ-জুন থেকে চলতি বছরের ফেব্র"য়ারি পর্যন্ত কল সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে এসেছি।"
সংগৃহীত তথ্যগুলো পরীক্ষা করে দেখতে কমপক্ষে সাত দিন লাগবে বলে জিয়ান শাহ কবীর উল্লেখ করেন।
বিটিআরসির আর একজন সহকারি পরিচালক অনামিকা ভক্ত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " অ্যাকসেসটেল গ্রামীণফোনের যখন ই-ওয়ান সংযোগ দিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা করেছিল, আমরা সে সময়ের (মার্চ ২০০৬ -ফেব্র"য়ারি পর্যন্ত) সম্পূর্ণ কললিস্ট চেয়েছি। কিন্তু গ্রামীণফোন বলেছে, সম্পূর্ণ তথ্য দিতে তাদের এক মাসের মতো সময় প্রয়োজন হবে। এ কারণে আমরা এখন প্রতি সপ্তাহের তথ্য সংগ্রহ করছি। পরে প্রতি মাস অনুযায়ী এবং এভাবে পুরো সময়ের কললিস্ট সংগ্রহ করে যাচাই করে দেখা হবে।"
অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ সত্য হলে গ্রামীণফোন এবং অ্যাকসেসটেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে কিনা জানতে চাইলে বিটিআরসি কর্মকর্তা অনামিকা ভক্ত বলেন, "তদন্তকাজ পুরোপুরি শেষ হলে অথবা এর আগেই যে কোন সময় তথ্য গোপন ও অবৈধভাবে ই-ওয়ান সংযোগ দেওয়ার অপরাধে মামলা করা হতে পারে।"
র্যাবের গোয়েন্দা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রামীণফোন এবং অ্যাকসেসটেলের অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার তথ্যপ্রমাণ আমাদের হাতে রয়েছে। কিন্তু মামলা করার সিদ্ধান্ত নেবে বিটিআরসি। এ ব্যাপারে তারাই ভালো বলতে পারবেন।"
এর আগে প্রমাণিত অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে গ্রামীণফোন ইতিমধ্যে ১৬৮ কোটি টাকা জরিমানা পরিশোধ করেছে। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করার অভিযোগে বিটিআরসি কোম্পানিটিকে এই জরিমানা করে।
গত বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে র্যাব ও বিটিআরসির কর্মকর্তারা আর্থিক লেনদেন ও কারিগরি তথ্যসংক্রান্ত বেশকিছু কাগজপত্র ও ফাইল জব্দ করেন। দেশে গত কয়েক বছর অবৈধভাবে যে ভিওআইপির ব্যবসা চলেছে তার যোগসূত্র খুঁজতেই দৃশ্যত এই অভিযান চালানো হয়।
প্রায় একই সময়ে অ্যাকসেসটেল নামে একটি ব্রডব্যান্ড সেবাদানকারী কোম্পানির কার্যালয়ে অভিযান চালিয়ে বেশকিছু ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রামীণফোনের কাছ থেকে ই-ওয়ান সংযোগ নিয়েই এই প্রতিষ্ঠানটি অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করেছিল বলে র্যাব কর্মকর্তারা জানান।
বৃহস্পতিবারের অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার কর্মকর্তা মেজর শামসুজ্জোহা বলেছিলেন, "একসেসটেল ২০০৬ সালের জুন-জুলাই থেকে শুরু করে ২০০৭ এর ফেব্র"য়ারি পর্যন্ত গ্রামীণফোনের কাছ থেকে ই-ওয়ান সংযোগ নিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করেছে। বিটিআরসি ও র্যাব যৌথভাবে ভিওআইপি বিরোধী অভিযান শুরু করলে তারা এসব সরঞ্জাম খুলে কার্টনবন্দি করে রাখে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/১৪৫৮ঘ.
bdnews24