পঞ্চগড়, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘুষ নেওয়ার অভিযোগে বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার পঞ্চগড় পুলিশ সুপার হারুন অর রশীদ তাকে প্রত্যাহারের আদেশ দেন।
পুলিশ সুপার হারুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, একটি হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে হারুনুর রশিদ নামের একজনের কাছে আব্দুর রহমান এক লাখ টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে ২০ হাজার টাকা নিয়েছেনও তিনি। হারুনের পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় আব্দুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
প্রয়োজনে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24