২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ ডিসেম্বর নেত্রকোনা, নকলা ও গাইবান্ধা হানাদার মুক্ত হয়

দীর্ঘ নয়মাস যুদ্ধের পর ১৯৭১ এর ৯ ডিসেম্বর আরও কয়েকটি এলাকা পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়। এ উপলক্ষে ওইসব এলাকার মানুষ প্রতিবছরের মতো এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করে দিনটি স্মরণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 03:52 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ নয়মাস যুদ্ধের পর ১৯৭১ এর ৯ ডিসেম্বর আরও কয়েকটি এলাকা পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়। এ উপলক্ষে ওইসব এলাকার মানুষ প্রতিবছরের মতো এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করে দিনটি স্মরণ করেছে। আমাদের সাংবাদিকদের পাঠানো খবর-- নেত্রকোনা: ১৯৭১ সালের ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত হয়েছিল। এ দিনে মুক্তিযোদ্ধারা নেত্রকোনা শহরকে মুক্ত করার লক্ষে ভোর রাতে হানাদার বাহিনীর অবস্থানে আক্রমন চালায়। পাকিস্তানী বাহিনী শহর থেকে পালানোর সময় মোক্তারপাড়া সেতুর কাছে তাদের গুলিতে নিহত হন মুক্তিযোদ্ধা আবু খা, আব্দুর রশিদ ও আব্দুস সাত্তার। দিনটি পালন উপলক্ষে নেত্রকোনা মুক্তিযোদ্ধা সংসদ সকাল সাড়ে ৭টায় সাতগাই মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ ও জজ কোর্ট প্রাঙ্গনে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ৮টায় বড় বাজারের জেলা ইউনিট কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। এছাড়া নাগড়া হাফিজিয়া মাদ্রাসায় কুরআনখানির আয়োজন করা হয়। বিকেল ৩ টায় স্থানীয় মহুয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শেরপুর: ৯ ডিসেম্বর শেরপুরের নকলায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এ উপজেলার পলাশকান্দি গ্রামে যুদ্ধের সময় ৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। স্বাধীনতার পর তাদের স্মরণে এ গ্রামে তৈরি করা হয় 'মুক্তমঞ্চ'। ১৯৭১ সালের এ দিনে মোট ১৩১ জন রাজাকার ও আলবদরসহ পাকিস্তানি বাহিনীর সদস্যরা এখানে আত্মসমর্পন করে। গাইবান্ধা: ১৯৭১ সালের ৯ ডিসেম্বর গাইবান্ধার মুক্তিযোদ্ধারা চারদিক থেকে শহরে প্রবেশ করে। এর আগে ৪ ডিসেম্বর থেকে বিভিন্ন এলাকা মুক্ত হতে শুরু করে। ৪ তারিখ মুক্ত হয় এ জেলার ফুলছড়ি, ৬ তারিখ সুন্দরগঞ্জ। এরপর একে একে মুক্ত হয় সাদুল্যাপুর, সাঘাটা ও পলাশবাড়ী এলাকা। ৮ ডিসেম্বর পাক বাহিনী গাইবান্ধা শহর ছেড়ে গেলে পরদিন মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে। দিনটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও র‌্যালি। পৌর পার্কের স্মৃতি সৌধ সংলগ্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর র‌্যালি বের করতে গেলে পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফিজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশাসনের অনুমতি না থাকায় র‌্যালি করতে দেওয়া হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৭ ঘ.