ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাবন্দী ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে রোববার পূর্বঘোষিত আন্দোলনের কর্মসূচি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ পরে ক্লাশ নিয়েছেন।
চলমান কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নিতে সন্ধ্যা সোয়া ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা চলছিল। (আরও তথ্যসহ ১)
আরসি মজুমদার মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক 'ড. সিতারা পারভীন ট্রাস্ট' পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও শিক্ষকরা কালো ব্যাজ পরে অংশ নেন।
এদিকে আটক শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির বিষয়ে উপাচার্য এস এম এ ফায়েজ আশাবাদ প্রকাশ করেছেন।
এ কারণে সোমবারের মৌন প্রতিবাদের ব্যাপারে সন্ধ্যা ৬ টায় জরুরি সভায় বসে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
উপাচার্য রোববার বলেন, "আমি একটা সম্মানজনক সমাধান দেখতে পাচ্ছি। সরকারের একটি দায়িত্বশীল অংশের সঙ্গে আমাদের আলোচনা চলছে।"
সব শিক্ষক কালো ব্যাজ পড়লেও উপাচার্য কালো ব্যাজ পরেনননি। এর কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, "আমি একটা অনুষ্ঠানে এসেছি তাই পড়িনি। তবে শিক্ষকদের কর্মসূচির প্রতি আমার সম্পূর্ণ সমর্থন রয়েছে।"
কলা ভবন, বাণিজ্য অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং কার্জন হল ঘুরে শিক্ষক এবং বেশ কিছু শিক্ষার্থীকেও কালো ব্যাজ ধারণ করতে দেখা গেছে। এরকমই একজন শিক্ষার্থী বলেন, "এখানে শুধুমাত্র শিক্ষকরা নন, ছাত্ররাও আটক রয়েছে। এ কারণে এবং শিক্ষকদের কর্মর্সূচির প্রতি সম্মান থেকে আমি এ কালো ব্যাজ পড়েছি।"
শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান বলেন, "অনেক শিক্ষক আমাকে বলেছেন, 'আমরা আমাদের কারাবন্দী সহকর্মীদের নিয়ে ঈদ করতে চাই'।" সন্ধ্যায় জরুরি সাধারণ সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পরবর্তী কর্মসূচি।"
সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "সরকারের একটা গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল অংশ প্রথমবারের মত আমাদের সঙ্গে আলোচনা করেছে। আমরা হয়তো একটা আশানুরূপ সমাধানের দিকে যাচ্ছি।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় আটক শিক্ষক ও ছাত্রদের বুধবারের মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে শুক্রবার জরুরি সভা করে ঢাবি শিক্ষক সমিতি। সভায় রোববার কালো ব্যাজ পরে শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া ও সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে একঘণ্টা মৌন অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
আগামী ১২ ডিসেম্বর শিক্ষকদের মামলার শুনানি হওয়ার কথা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএমএ/এসকে/১৯৩১ঘ.
bdnews24