ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ক্যাম্পে অবস্থানকারী আটকেপড়া পাকিস্তানি ও রোহিঙ্গা শরণার্থীদের ভোটার করবে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন রোববার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
নির্বাচন কমিশনার জানান, উর্দুভাষীদের মধ্যে যারা বাংলাদেশে জন্ম নিয়েছেন, তাদের ভোটার করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছে নির্বাচন কমিশন। (সংশোধিত)
এদের ভোটার করার বিষয়ে আদালতের একটি রায় থাকার কথাও উল্লেখ করেন তিনি। তবে বিভিন্ন ক্যাম্পে অবস্থানকারী উর্দুভাষী ও রোহিঙ্গাদের ভোটার করা হবে না বলে এম. সাখাওয়াত হোসেন স্পষ্ট করেই জানিয়েছেন।
আন্তর্জাতিক আইন অনুযায়ী শরণার্থীদের ক্যাম্পে থাকতে হয় এবং তারা আশ্রয়দাতা দেশে ভোটার হতে পারে না।
জাতিসংঘ শরণার্থী পুনর্বাসন হাই কমিশনের (ইউএনএইচসিআর) হিসাব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের ১১৬টি ক্যাম্পে আড়াই থেকে তিন লাখ উর্দুভাষী (আটকে পড়া পাকিস্তানি) বসবাস করছে। আর কক্সবাজারের দুটি শরণার্থী ক্যাম্পে আছে মিয়ানমার থেকে আসা প্রায় ২০ হাজার রোহিঙ্গা। তবে এর বাইরেও বৃহত্তর চট্টগ্রামে আনুমানিক পাঁচ লাখ রোহিঙ্গা বাস করছে।
সাখাওয়াত হোসেন বলেন, "ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী ও রোহিঙ্গাদের তালিকা আছে। তাই ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া যাবে। কিন্তু যেসব রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাইরে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছে, তাদের চিহ্নিত করা কঠিন হবে।"
ধর্মীয় রীতিনীতি বজায় রেখেও ভোটার তালিকার জন্য ছবি তোলা সম্ভব
bdnews24