ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক বিএনপি প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়া যাবেনা বলে জরুরি ক্ষমতা আইনের বিধান কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবেনা তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুলনিশি জারি করা হয়েছে।
বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান এবং জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ সাবেরা আমানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
আগামী আট সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ঢাকার ১ নম্বর বিশেষ আদালতের বিচারককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৬ মার্চ দুদকের উপ পরিচালক আবদুল্লাহ আল জাহিদ আমান ও সাবেরা আমানের বিরুদ্ধে ৮ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ২শ ৩২ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে শাহবাগ থানায় একটি দূর্র্নীতির মামলা দায়ের করেন।
এ মামলায় গত ৯ মে সাবেরা আমানকে গ্রেপ্তার করা হয়। ঢাকার বিশেষ আদালত নং ১ এর বিচারক গত ২১ জুন এ মামলায় আমানকে ১৩ বছর ও সাবেরা আমানকে ৩ বছরের কারাদণ্ড দেন।
সাবেরা আমানের দায়ের করা রিট আবেদনের ওপর শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩) বিধিতে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন না দেওয়ার বিধান রাখা হয়েছে। এই বিধান সংবিধান পরিপন্থী।"
ব্যারিস্টার হক শুনানিতে বলেন, এই বিধানের কারণে সাবেরা আমান হাইকোর্টে আপিল করে জামিন চাইলেও ওই আদালত জামিন দেননি।
ব্যারিস্টার হককে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট এ এই এম মিজানুর রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮৫৭ ঘ.
bdnews24