মৌলভীবাজার, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ক্ষেত্রের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে রোববার সকালে সড়ক দুর্ঘটনায় এক লন্ডন প্রবাসী নিহত হয়েছেন।
নিহতের নাম ইশতিয়াক আহমদ হেলাল (৪৫)। ছাত্রলীগ মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সদস্য হেলাল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাড়ি কমলগঞ্জ উপজেলার রামপুর গ্রামে।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, হেলাল কয়েকজন সঙ্গীসহ একটি মাইক্রোবাসে চড়ে ঢাকা যাচ্ছিলেন। সকাল সোয়া সাতটায় রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ক্যাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হেলালকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘটনায় হেলালের সহযাত্রী আনোয়ার হোসেন (৪২) ও আনিস (৪৪) আহত হন বলে পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর জানান।
লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ক্যাভার্ডভ্যানটি আটক করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24