২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী সমাজকে স্বাবলম্বী হতে বেগম রোকেয়ার আহবান বৃথা যায়নি: ফখরুদ্দীন

প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দীন আহমদ বলেছেন, সামরিক-বেসামরিক প্রশাসন ও বিচার বিভাগসহ যাবতীয় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার ক্রমেই বাড়ছে। এতে বোঝা যাচ্ছে নারী সমাজকে স্বাবলম্বী হওয়ার জন্য বেগম রোকেয়ার আহবান বৃথা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 10:12 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দীন আহমদ বলেছেন, সামরিক-বেসামরিক প্রশাসন ও বিচার বিভাগসহ যাবতীয় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার ক্রমেই বাড়ছে। এতে বোঝা যাচ্ছে নারী সমাজকে স্বাবলম্বী হওয়ার জন্য বেগম রোকেয়ার আহবান বৃথা যায়নি। বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে রোববার বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে ফখরুদ্দীন আহমদ এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, মহিয়সী এ নারীর আদর্শ ও আহবানে অনুপ্রাণিত এদেশের নারীরা আজ দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশেও উন্নয়ন পরিকল্পনার অত্যাবশ্যকীয় শর্ত হিসেবে যুক্ত হয়েছে 'জেন্ডার-বান্ধব' বাজেট। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। এবছর বেগম রোকেয়া পদক পেয়েছেন অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এবং লতিফা আকন্দ। প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় পদকপ্রাপ্তদের উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, "আমার বিশ্বাস, এই পদকপ্রাপ্তি নারীর ভাগ্যোন্নয়নে তাঁদের প্রয়াসকে আরো বেগবান করতে উৎসাহিত করবে। এক্ষেত্রে কর্মরত অন্যরাও তাঁদের এই স্বীকৃতিতে উৎসাহিত হবেন। বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত এদেশের নারী-সমাজ তাঁর চিন্তা ও চেতনাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেবেন, তাদের ক্ষমতায়নের পথকে আরো প্রশস্ত করবেন।" প্রধান উপদেষ্টা বলেন, "নারী-সমাজের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সকল স্তরে নারীর ক্ষমতায়নের পথ সুগম করতে রাষ্ট্রের প্রয়াসের পরিধি ক্রমাগত বাড়ানো হচ্ছে। আমরা এই ধারা আরো বেগবান করতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে অভীষ্ট লক্ষ্যে পৌঁছুতে আমাদের যেতে হবে আরও অনেক দুর।" তিনি বলেন, বেইজিং সম্মেলনের আলোকে প্রণীত 'প্ল্যাটফর্ম ফর এ্যাকশন' বা পিএফএ বাস্তবায়নে বাংলাদেশও প্রতিশ্র"তিবদ্ধ। সমাজ ও রাষ্ট্রীয় অঙ্গনেও এর প্রতিফলন ঘটানো হচ্ছে মন্তব্য করে ফখরুদ্দীন আহমেদ বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রণীত হয়েছে 'জাতীয় নারী উন্নয়ন নীতি' এবং নারী উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা। মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল এবং জাতীয় দারিদ্র বিমোচন কৌশলপত্রের আলোকে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন নারী উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এগুলো জাতির আর্থ-সামাজিক উন্নয়নের পথকে মসৃণ ও টেকসই করবে। প্রধান উপদেষ্টা বলেন, "আজ জনপ্রতিনিধিত্ব অঙ্গন, সামরিক-বেসামরিক প্রশাসন ও বিচার বিভাগসহ যাবতীয় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার ক্রমেই বাড়ছে। সকল চ্যালেঞ্জিং পেশায়ই আজ নারী তার যোগ্যতা প্রমাণ করছে। " তিনি বলেন, বেগম রোকেয়া উপলদ্ধি করেছিলেন অশিক্ষার বেড়াজালে অবরোধবাসিনী নারীকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে হলে তাকে তৈরি হতে হবে। আর শিক্ষার মাধ্যমে নীরব সামাজিক বিপ্লব ঘটিয়েই সেটা সম্ভব। এই উপলদ্ধিই বেগম রোকেয়াকে অনুপ্রাণিত করেছিল পিছিয়ে পড়া মুসলিম নারীকে শিক্ষিত করে তুলতে। প্রধান উপদেষ্টা বলেন, "পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে, একই ...। নারী-পুরুষ সমাজ দেহের দুটি চক্ষু স্বরূপ"- বেগম রোকেয়ার এই বক্তব্যে কোনো-রকম পুরুষ-বিদ্বেষী মনোভাব প্রকাশ না পেয়ে বরং নারী-পুরুষের পরিপূরক সম্পর্কের গুরুত্বই তা তুলে ধরেছে। তিনি বলেন, আজ বেগম রোকেয়ার এ ধারণা আন্তর্জাতিক অঙ্গনে প্রচলিত মূলধারার জেন্ডার ধারণারই প্রতিফলন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি/ইএইচবি/এসকে/১৬০৩ঘ.