২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরির বাজারে 'অতি মহামন্দা' চলছে: আকবর আলি খান

দেশের চাকরির বাজারে এখন 'অতি মহামন্দা' চলছে বলে মন্তব্য করেছেন রেগুলেটরি রিফর্মস কমিশন (আরআরসি) এর চেয়ারম্যান আকবর আলি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 09:19 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দেশের চাকরির বাজারে এখন 'অতি মহামন্দা' চলছে বলে মন্তব্য করেছেন রেগুলেটরি রিফর্মস কমিশন (আরআরসি) এর চেয়ারম্যান আকবর আলি খান। রোববার রাজধানীর প্রেসক্লাবে 'কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের করণীয়' শীর্ষক এক আলোচনায় তিনি এ অভিমত ব্যক্ত করে বলেন, "বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন বেকার সমস্যা। আমি নিশ্চিত করে বলতে পারবো না দেশে এখন প্রকৃত বেকারের সংখ্যা কত। তবে আমার ধারনা দেশে ৩০/৪০ শতাংশ বেকার লোক রয়েছে।" আকবর আলি খান অভিযোগ করে বলেন, "বেকার সমস্যা নিয়ে সরকারি সংস্থা 'বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো' এক ধরনের পরিহাস করছে। তারা বলেছে দেশে এখন তিন থেকে চার শতাংশ লোক বেকার। ব্যুরোর এই পরিসংখ্যান আমার কাছে কোনভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি বলেন, যুক্তরাষ্ট্রে একবার বেকার লোকের সংখ্যা ১৭ শতাংশে দাঁড়িয়েছিল। তখন সেখানকার চাকরির বাজারে মহামন্দা চলছিল বলে উল্লেখ করা হয়েছিল। আর আমাদের এখানে বছরের পর বছর ৩০/৪০ শতাংশ লোক বেকার থাকে। "এইম ইন লাইফ" নামে একটি সংগঠন আয়োজিত এ আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, সাবেক পরিচালক এম এ রউফ চৌধুরী, বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, এমচেমের সাবেক সভাপতি আফতাব-উল ইসলাম, এইম ইন লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম শোয়েব চৌধুরী, বাংলাদেশ শিশু হাসপাতালের পরামর্শক লায়লা খান, ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান খান, কমডোর এস কবির প্রমুখ। বেকার সমস্যা সমাধানে বেসরকারি খাতকে উৎসাহিত করার জন্য সরকারকে অনুরোধ জানান আকবর আলি খান। তিনি বলেন, কর্মসংস্থান না বাড়ালে দারিদ্র বিমোচনের কাঙ্খিত সুফল পাওয়া যাবেনা। দেশে বেকার লোকের সংখ্যা বেড়ে গেলে একদিকে যেমন অর্থনৈতিক সংকট দেখা দেয় অন্যদিকে সামাজিক সমস্যাও দেখা দেয়। তিনি বলেন, দেশে যে বেকার সমস্যা আছে তা সরকারের একার পক্ষে দূর করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আকবর আলি খান। বেকার সমস্যা সমাধানকে সরকারের 'এজেন্ডার কেন্দ্রবিন্দুতে' নিয়ে আসার পরামর্শ দিয়ে আকবর আলি খান বলেন, যারা কাজ খুঁজছে তাদেরও বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করে নিজেকে প্রস্তুত করতে হবে। তিনি বলেন, "বিশ্বায়নের যে অবস্থায় আমরা আছি তাতে নিজেকে ঠিকমতো তৈরি করতে না পারলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে। প্রয়োজনে সারা জীবন শিখতে হবে।" আকবর আলি সরকারকে বিভিন্ন ধরনের ইনস্টিটিউট গড়ে তুলে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করার তাগিদ দেন। কেবল চাকরির পেছনে না ছুটে দেশের মানুষ যাতে স্ব-কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তা নিশ্চিত করতে হবে বলে তিনি মত দেন। তিনি বলেন, "সরকারের একার পক্ষে বেকার সমস্যার সমাধান করা সম্ভব নয়। এক্ষেত্রে বেসরকারি খাতকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবে কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টির দায়িত্ব সরকারের। দু:খজনক হলেও সত্য, সে পরিবেশ এখনও আমরা তৈরি করতে পারিনি।" তবে বর্তমান সরকারকে এ বিষয়ে 'বেশ উদ্যোগী' বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেন আকবর আলী খান । আরআরসির প্রধান বলেন, দেশের অর্থনীতিতে এখন সেবা খাতের অবদান প্রায় ৫০ শতাংশ। অথচ সরকারিভাবে এ খাতের জন্য কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি। শিল্প খাতের অবদান কম হওয়া সত্ত্বেও এ খাতে নানা ধরনের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে বয়স্ক লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাদের চিকিৎসার জন্য চিকিৎসক, নার্সসহ বিভিন্ন কাজে সহায়তার জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখন থেকেই পরিকল্পনা করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে বিদেশে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি । প্রবীণ এ অর্থনীতিবিদ বলেন, "আমি আশাবাদী মানুষ। আমরা যখন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম তখন অনেকে বলেছিল আমরা জিততে পারবো না। যখন আমরা দেশ স্বাধীন করলাম তখন সমালোচকরা বলা শুরু করলেন স্বাধীন হলেও এ দেশ আমরা চালাতে পারবো না। তারা বললেন, তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে বাংলাদেশ। কিন্তু আমরা তা হতে দিইনি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/জিএনএ/এসকে/২১১৪ ঘ.