২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিজয় টিভি' মামলার পরবর্তী তারিখ ১৩ ডিসেম্বর

'বিজয় টিভি' প্রতিষ্ঠায় আর্থিক দুর্নীতির মামলার কার্যক্রমের জন্য আগামী ১৩ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 07:15 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

বিশেষ দ্রষ্টব্য: সংশোধনী (১৩ ডিসেম্বর অভিযোগ গঠনের স্থলে মামলার পরবর্তী তারিখ পড়তে হবে) চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'বিজয় টিভি' প্রতিষ্ঠায় আর্থিক দুর্নীতির মামলার কার্যক্রমের জন্য আগামী ১৩ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছে আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ তিন জন এ মামলার আসামি। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান ১৩ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন। সেদিন মামলার অভিযোগ গঠনের শুনানি হবে বলে আইনজীবীরা জানান। মামলার আসামি মেয়র মহিউদ্দিন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরী কারাগারে রয়েছেন। আসামি পক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মোখতার আলমের অনুপস্থিতিতেই বিচার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন বিচারক। দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রামের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী বাদি হয়ে গত ২৭ মে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন। এজাহারে মেয়রসহ তিন জনের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের তহবিল থেকে যোগসাজশে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ গত ২২ নভেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৪৭ ঘ.