ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় সিডরের ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার আদায়ে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে দুটি পোশাক শ্রমিক সংগঠন।
শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, পরপর দুই দফা বন্যা ও ভয়াবহ ঘূর্ণিঝড়ে দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে বাংলাদেশি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রয়োজন। এ সুবিধা পাওয়া গেলে রপ্তানি কয়েকগুণ বেড়ে যাবে। আর এ জন্য সরকারকে জোর চেষ্টা চালাতে হবে।
সংবাদ সম্মেলনে শ্রীলংকার উদাহরণ টেনে বলা হয়, সুনামি হওয়ার পর শ্রীলংকা 'জিএসপি প্লাস' সুবিধা পেয়েছে। বন্যার পর ঘূর্ণিঝড়ে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতেও এ ধরনের সুবিধা প্রয়োজন। সে কারণে আর দেরি না করে শুল্কমুক্ত সুবিধার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে উপস্থাপন করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মণ্ডল। এছাড়া জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতানা বাহার, মোকাদ্দেম হোসেন, সুলতানা আক্তার, নূরুল আজম প্রমুখ বক্তৃতা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/০১০১ঘ.
bdnews24