২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিব বা জিয়া কেউই জাতির পিতা নন- চট্টগ্রামে কর্নেল অলি

এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের কাজেই শেখ মুজিব বা জিয়াউর রহমান কেউই জাতির পিতা হতে পারেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 05:01 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

চট্টগ্রাম,ডিসেম্বর ০৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের কাজেই শেখ মুজিব বা জিয়াউর রহমান কেউই জাতির পিতা হতে পারেন না। অলি আহমেদ বলেন, "শেখ মুজিব বা জিয়াউর রহমান বড়জোর রাষ্ট্রের জনক হতে পারেন। তবে মুক্তিযুদ্ধে এদের অবদান অনস্বীকার্য।" শনিবার বিকালে নগরীর ডিসি হিল চত্বরে 'বিজয় উৎসব উদযাপন পরিষদ' আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কর্ণেল অলি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার এ বাংলার মাটিতেই করতে হবে।" যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের উদ্যোগকে 'লক্ষ্যভ্রষ্ট' উল্লেখ করে তিনি বলেন, "বিক্ষিপ্তভাবে বিচার চেয়ে কাজ হবে না।" প্রথমে দালালদের তালিকা তৈরি ও তাদের যুদ্ধাপরাধে জড়িত থাকার তথ্য প্রমাণ সংগ্রহের জন্য তিনি সেক্টর কমান্ডারদের প্রতি আহবান জানান। অলি আহমেদ বলেন, তালিকা তৈরির পর যুদ্ধাপরাধীদের কৃতকর্ম ও তাদের মুখোশ গণমাধ্যমের মাধ্যমে জাতির কাছে উন্মোচন করতে হবে। এরপর মামলা দায়ের করতে হবে। কর্নেল অলি বলেন, আগে প্রতিটি রাজনৈতিক দল ক্ষমতায় যাবার জন্য জামায়াতে ইসলামীকে ব্যবহার করেছে। এ কারণে তারা কেউই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উদ্যোগী হয়নি। রাজনীতিবিদ ও দলগুলোর সুবিধাবাদী মানসিকতার কারণে যুদ্ধাপরাধীরা স্বাধীন দেশে 'আস্ফালন দেখানোর' সুযোগ পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। অলি আহমেদ বলেন, "এলডিপি যুদ্ধাপরাধীদের সঙ্গে কোন নির্বাচন করবে না এমন অঙ্গীকার করলেও আওয়ামী লীগ বা বিএনপি এখনো পর্যন্ত সেরকম ঘোষণা দেয়নি। " উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান সাংবাদিক সৈয়দ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অধ্যাপক চৌধুরী জহুরুল হক, অধ্যাপক ড. এম এ গফুর, অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, সাংবাদিক আবু তাহের মুহাম্মদ, এলডিপি নেতা একরামুল করিম বক্তব্য রাখেন। সভায় অন্য বক্তারা বলেন, রাজনৈতিক সরকারগুলোর টানাটানির কারণে ৩৬ বছর পরও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা থেকে জাতি বঞ্চিত হয়েছে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে যুদ্ধাপরাধীদের বিচার ও সঠিক ইতিহাস তুলে আনার সময় হয়েছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসকে/২২৫১ঘ.