ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে ও টাঙ্গাইলে বাসের ধাক্কায় শুক্রবার এক টেম্পু যাত্রী নিহত হয়েছে।
চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন ফতেপুর এলাকায় শনিবার দুুপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম হারুনুর রশীদ (৩৫)। তিনি হাটহাজারী উপজেলার মোহরা এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
আহতরা হলেন- জয়নব বেগম (৪৫), মো. মামুন (৩৮) ও অটোরিকশা চালক রফিকুল্লাহকে (৩৫)। এদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর দুইটার দিকে শহরমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে (চট্ট মেট্রো চ-১২-৩৮৭৫) বিপরীত দিক থেকে আসা একটি বাসের (চট্ট মেট্রো জ ১১-০১৫৬) মুখোমুখি সংঘর্ষ হয়।
হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শিল্পী রানী জানান, সংঘর্ষে অটোরিকশা চূর্ণবিচুর্ণ হয়ে যাত্রী হারুনুর রশীদ ঘটনাস্থলে মারা যান।
তিনি জানান, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল মধুপুর সড়কের ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে শনিবার একটি যাত্রীবাহী বাস একটি টেম্পুকে ধাক্কা দিলে হাসান আলী (৩০) নামে একজন নিহত ও চারজন আহত হন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম মোল্লা জানান, শনিবার বেলা ১১টার দিকে মধুপুর থেকে ঘাটাইলগামী একটি টেম্পুকে পেছন থেকে দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়। এতে ৫ টেম্পুযাত্রী আহত হয়।
আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হাসান আলী (৩০) মারা যান। তার বাড়ি মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামে।
এ ব্যাপারে ঘাটাইল থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমএসবি/১৯৫৫ ঘ.
bdnews24