কক্সবাজার, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্কে বাঘের হামলায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে বাঘের বেষ্টনীর ভেতর জঙ্গল কাটতে গিয়ে মোহাম্মদ রশিদ (১৭) নামের ওই শ্রমিক হামলার শিকার হন।
পার্কের তত্ত্বাবধায়ক রেঞ্জার বাহাদুর আলী কালাম জানান, কয়েকদিন ধরে ডুলাহাজারা সাফারি পার্কে জঙ্গল কাটার কাজ চলছিল। শনিবার সকাল ৮টার দিকে বেশ ক'জন শ্রমিক বাঘের বেষ্টনীতে জঙ্গল কাটতে যান। তারা জঙ্গল কাটতে কাটতে বাঘের খাঁচার কাছে পৌঁছালে একটি বাঘ হঠাৎ করে মোহাম্মদ রশিদের ওপর হামলে পড়ে। বাঘটি তার গলায় কামড় দেয় এবং দুমড়ে মুচড়ে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, জিআই নেটের তৈরি খাঁচার দরজা ভেঙে বাঘটি বের হয়েছিল। এতে তাদের কোন গাফেলতি ছিল না।
সাফারি পার্কে বাঘকে খাঁচায় ঢুকিয়ে খাবার দেওয়া হয়।
নিহত রশিদের সঙ্গী অপর শ্রমিক আবদুল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগের রাতেই বাঘের খাঁচার দরজা খোলা ছিল। হয়ত বাঘকে খাবার দেয়ার পর দরজাটি আর বন্ধ করা হয়নি। সেই কারণেই এই দূর্ঘটনা ঘটেছে।"
রশিদের মা শমজিলা বেগম (৬০) জানান, এখনও তিনি ছেলের লাশ পাননি।
তিনি আরও জানান, তার পাঁচ ছেলের মধ্যে রশিদ ছিল তৃতীয়। তারা স্থানীয় ডুলাহাজারা রহিম মিয়া বাগান পাড়ার বাসিন্দা। দু'দিন ধরে রশিদ সাফারি পার্কে জঙ্গল কাটার কাজ করছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৪ ঘ.
bdnews24