২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টুনিস্টদের হাত খুলে আঁকার সুযোগের দাবি

কাটুর্নিস্টদের হাত খুলে আঁকার সুযোগ সৃষ্টি করতে হবে। এক সময় কার্টুনিস্টরা চোখে আঙুল দিয়ে দুর্নীতিবাজদের দেখিয়ে দিলেও বাক স্বাধীনতা সীমাবদ্ধ থাকায় অনেকেই বর্তমানে তা করতে পারছেন না। তারপরও নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। শুক্রবার রাজধানীর দৃক গ্যালারিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 02:12 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কাটুর্নিস্টদের হাত খুলে আঁকার সুযোগ সৃষ্টি করতে হবে। এক সময় কার্টুনিস্টরা চোখে আঙুল দিয়ে দুর্নীতিবাজদের দেখিয়ে দিলেও বাক স্বাধীনতা সীমাবদ্ধ থাকায় অনেকেই বর্তমানে তা করতে পারছেন না। তারপরও নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। শুক্রবার রাজধানীর দৃক গ্যালারিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধূরী বলেন, "শিল্পীরা যে মনোভাব নিয়ে কার্টুন এঁকেছেন, আশাকরি সে একই মনোভাব ও উদ্যম নিয়ে সবাই দুর্নীতির বিরুদ্ধে লড়বেন।" তিনি বলেন, "দুর্নীতি করে দেশ ও জাতিকে অপমানিত করা হয়েছে।" সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, "এখন অনেক ক্ষেত্রেই বাক স্বাধীনতা সীমাবদ্ধ। তবে আমাদের নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।" ডেপুটি ব্রিটিশ হাই কমিশানর ডানকান নরম্যান বলেন, "দুর্নীতি জনগণকে আক্রান্ত করে। বিশেষ করে দরিদ্র ব্যক্তিরাই এর শিকার হয়।" কার্টুনিস্ট অধ্যাপক রফিকুন নবী বলেন, "একটা সময় আসবে, যখন সবাই কার্টুনিস্ট হবেন। কার্টুনের মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে এরা দুর্নীতিবাজ। কার্টুনিস্টরা এটি নিয়মিত করেছেন। কিন্তু হঠাৎ করেই এ চর্চা বন্ধ হয়ে গেছে।" তিনি বলেন, "কার্টুনিস্টদের হাত খুলে আঁকার সুযোগ সৃষ্টি করতে হবে।" টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য গত কয়েক বছর ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এ সব কার্টুনের মাধ্যমে যুব সমাজের মনোভাব প্রতিফলিত হয়েছে।" আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে টিআইবি দ্বিতীয়বারের মতো এই কার্টুন প্রতিযোগিতার আয়োজন করে। এবারের বিষয় ছিল 'দুর্নীতি ও সাধারণ মানুষ'। দুটি গ্র"পে মোট ৭৪৭টি কার্টুন জমা হয়। এর মধ্যে ৫৬টি কার্টুন পুরস্কার ও প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে। প্রদর্শনী আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিযোগিতায় 'ক' (১৩-১৮) গ্র"পে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন, মাইশা মালিহা এলা, সৈয়দ কামরুল হাসান ও অসীম চন্দ্র রায়। 'খ' (১৯-৩৫) গ্র"পে সাদাত উদ্দিন আহমেদ এমিল, স্বপন চারুশি ও আমিরুল ইসলাম যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন। টিআইবি'র পক্ষ থেকে বিজয়ীদের সনদসহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্তদের যথাক্রমে ১৫, ১২ ও ১০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। এছাড়া দুটি বিভাগে বিশেষ মনোনয়নপ্রাপ্ত মোট ৫০টি কার্টুনের জন্য প্রত্যেক প্রতিযোগীকে এক হাজার টাকা করে প্রদান করা হবে। আগামী ৯ ডিসেম্বর বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/বিআর/এমএআর/এমএ/২০০৫ ঘ.