ঢাকা, ডিসেম্বর ০৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গারো আদিবাসীরা শুক্রবার গুলশানে ঐতিহ্যবাহী জুম নৃত্য, গান ও নানা আয়োজনে উদযাপন করেছে তাদের নবান্ন উৎসব। গারোরা তাদের মান্দি ভাষায় এই অনুষ্ঠানকে 'ওয়ানগালা' বলে। এই অনুষ্ঠানে আগামী বছরের জন্য নতুন নেতা হিসেবে ম্যানুয়েল মানকিনকে নির্বাচিত করা হয়।
গুলশান মডেল স্কুল এন্ড কলেজের মাঠে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত এ অনুষ্ঠান চলে । সকালে শোভাযাত্রা, প্রার্থনাসভা ও উৎসর্গ অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় প্রেম সন, তপন মারাক, নিতিশ জং প্রমুখ বক্তব্য রাখেন।
বিকেলে অনুষ্ঠিত হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নানা রঙের পোশাক পরে গারো আদিবাসী ছেলে-মেয়েরা জুম নৃত্য ও সেরেনজিং অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে বিকেলে প্রধান অতিথি হিসেবে সাবেক সাংসদ প্রমোদ মানকিন পুরস্কার বিতরণ করেন।
উৎসবের আয়োজক নিপুণ সাংমা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,'' মান্দি আদিবাসীরা প্রতিবছর এ অনুষ্ঠান করে থাকেন। এই অনুষ্ঠানে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতির লালনের পাশাপাশি ঈশ্বরের উদ্দেশে প্রার্থনা করে থাকি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএ/১৮১৪ঘ.
bdnews24