২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশীয় উন্নয়ন ব্যাংক গঠনের লক্ষ্যে সার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

দারিদ্র্য বিমোচন ও অবকাঠামো তহবিলসহ একটি দক্ষিণ এশীয় উন্নয়ন ব্যাংক গঠনের লক্ষ্যে শুক্রবার থেকে নয়া দিল্লিতে দুই দিনের সার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।বৈঠকে তিনটি বিষয়কে সামনে রেখে সার্ক উন্নয়ন তহবিল গঠনের প্রস্তাব রাখা হবে। ভারতের বেসরকারি টেলিভিশন সিএনএন-আইবিএন এর চিফ ন্যাশনাল করসপন্ডেন্ট সুমন কে চক্রবর্তী নতুন দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন শুধুমাত্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 09:51 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

নতুন দিল্লি, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য বিমোচন ও অবকাঠামো তহবিলসহ একটি দক্ষিণ এশীয় উন্নয়ন ব্যাংক গঠনের লক্ষ্যে শুক্রবার থেকে নতুন দিল্লিতে সার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। দুই দিনের এই বৈঠকে সামাজিক, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন খাতকে সামনে রেখে সার্ক উন্নয়ন তহবিল গঠনের প্রস্তাব রাখা হবে। এর মধ্যে সামাজিক খাতে দারিদ্র্য বিমোচনের বিভিন্ন প্রকল্পে ৩০ কোটি ডলারের প্রাথমিক তহবিল গঠনের প্রস্তাব করা হবে। অবকাঠামো খাতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থের প্রবাহ বাড়ানো ও অবকাঠামো প্রকল্পগুলোতে অর্থায়নের জন্য তহবিল তৈরি করা হবে। অর্থনৈতিক খাতে দক্ষতা বাড়ানো ও বাণিজ্যিক কাঠামোর উন্নয়নে তহবিল তৈরি করা হবে। কোনো প্রকল্পে অর্থায়নের যোগ্যতা হিসেবে অবশ্যই কমপক্ষে দুটি সদস্য রাষ্ট্রের সম্মতি পেতে হবে। এছাড়া টেলি-মেডিসিন নেটওয়ার্ক, একটি সার্ক বিশ্ববিদ্যালয় ও একটি সার্ক ফুড ব্যাংক গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা করা হবে। তহবিল গঠনে ভারত ১০ কোটি ডলার এবং নেপাল সাড়ে তিন কোটি ডলার দিতে চেয়েছে। এর আগে এ বছরের শুরুতে উন্নয়ন তহবিল গঠনে কোন সদস্য কী পরিমাণ তহবিল যোগান দেবে তা নির্ধারিত না হওয়ায় সার্ক সম্মেলনে কোনো ধরনের সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় সদস্য দেশগুলো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকেসি/টিএইচ/এমএ/১৫৩৫ ঘ.