ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আটকাদেশ পাওয়া সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, ব্যবসায়ী এম এ হাসেম, সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম, সাবেক সচিব আ ন হ আক্তার হোসেন, সিলভার সেলিম ও বি এম বাকিরসহ ৮৭ জনকে বৃহস্পতিবার হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে।
আটকাদেশের মেয়াদ আর বাড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্তের জন্য দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাদের সেখানে হাজির করা হয়।
অ্যাডভাইজারি বোর্ডে ছিলেন হাইকোর্টের বিচারপতি আলী আসগর খান, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্ম সচিব আবদুর রব হাওলাদার।
বোর্ড তাদের বিষয়ে শুনানি গ্রহণ করলেও আটকাদেশের মেয়াদ আর বাড়ানো হয়েছে কিনা তা জানা যায়নি। শুনানি গ্রহন শেষে ৮৭ জনকে হাইকোর্ট থেকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
জরুরি অবস্থা ঘোষণার পর বিভিন্ন সময় মেয়র কামরানসহ এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। প্রথমে তাদের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়। পরে বিভিন্ন সময় আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২২০০ ঘ.
bdnews24