ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--স্বাধীনতার ৩৬ বছর পর ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী অঙ্গরাজ্য ত্রিপুরা থেকে দেশে ফিরছে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ।
ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ আগামী ১০ ডিসেম্বর হামিদুর রহমানের দেহাবশেষ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল কাশেম মোহা. মাহবুবুল আলম বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হুমায়ুন কবির খানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার সড়কপথে ঢাকা থেকে ত্রিপুরার উদ্দেশে রওনা হবে।
উল্লেখ্য, কয়েক বছর ধরে সড়কপথে ঢাকা ও ত্রিপুরার রাজধানী আগরতলার মধ্যে সরাসরি বাস সার্ভিস চালু রয়েছে। ১৯৭১ সালে এই ত্রিপুরারই আগরতলাসহ বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ গ্রহণ করেন।
ত্রিপুরার আনুষ্ঠানিকতা শেষ করে এই দলটি ১০ ডিসেম্বর সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ গ্রহণ করবেন। এরপর আম্বাসা গ্রাম থেকে দেহাবশেষ নিয়ে ওই রাতেই তারা সড়কপথে আগরতলা হয়ে কুমিল্লা সেনানিবাসে আসবেন। পরদিন ১১ ডিসেম্বর ভোরে সড়কপথেই মুক্তিযুদ্ধের এ বীর সেনানীর দেহাবশেষ ঢাকায় নিয়ে আসা হবে।
সচিব জানান, ঢাকায় আনার পর হামিদুর রহমানের দেহাবশেষ সরাসরি জাতীয় প্যারেড স্কোয়ারে নিয়ে যাওয়া হবে। সেখানে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমদ এবং প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে রাষ্ট্রীয় মর্যাদায় হামিদুর রহমানের দেহাবশেষ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
সিপাহী হামিদুর রহমান মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তে দখলদার পাকিস্তানী সৈন্যদের সঙ্গে অসীম বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শহীদ হন। পরে ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসা গ্রামে তাকে দাফন করা হয়। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার পরে তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে।
বিএনপি নেতৃত্বাধীন গত জোট সরকারের সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশের মাটিতে থাকা বীরদের দেহাবশেষ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। বিএনপি সরকারের শেষ দিকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ। এরই ধারাবাহিকতায় এবার সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ ফিরিয়ে আনা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এসকে/২০১২ঘ.
bdnews24