২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু

দিনাজপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গা ও বাগেরহাটে গত দুদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে একটি পিকআপ ভ্যান উল্টে দুজন মারা যান। রাজবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন হেলপার। চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র ও বাগেরহাটে বাসের ধাক্কায় ভ্যান আরোহী নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 12:49 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গা ও বাগেরহাটে গত দুদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে একটি পিকআপ ভ্যান উল্টে দুজন মারা যান। রাজবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন হেলপার। চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র ও বাগেরহাটে বাসের ধাক্কায় ভ্যান আরোহী নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: দিনাজপুর: ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলে মারা গেছেন জয়পুরহাটের পাঁচবিবির জামালের ছেলে শহিদুল (২৫) ও একই এলাকার জোতিষের ছেলে কালিপদ (৪৫)। তারা মাছ ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলে কর্তব্যরত কোতয়ালী থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে মাছভর্তি একটি পিকআপ ভ্যান (বগুড়া-ড-১১-০৪৪৯) দিনাজপুর আসার পথে শহরের অদূরে ফুলবাড়ীর কাউগাঁ মোড় রাজাপুকুরে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় আহত গোলাম রব্বানী (৩৫) ও আনিসুর রহমানকে (৩২) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজবাড়ী: বুধবার গভীর রাতে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ওই ট্রাকের হেলপার সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে। তার বাড়ি যশোরের বেনাপোল। পুলিশ জানায়, রাত ১২ টার দিকে মালবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১২৫৭) মহাসড়কে বিকল হয়ে পড়ে। হেলপার ট্রাকের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে অপর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৪৪৪০) ট্রাকটিকে সজরে ধাক্কা দিলে ট্রাকের চাকার তলায় পড়ে মারা যান তিনি। পুলিশ ভ্যানটি আটক করেছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়েছে। চুয়াডাঙ্গা: সদর উপজেলার আলোকদিয়া বাজারে বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত শরিফুল আকন্দ বাড়িয়া গ্রামের আমান আলীর ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শরিফুল মঙ্গলবার দুপুরে সাইকেল চালিয়ে শহরে আসার পথে আলোকিদয়া বাজার রাস্তায় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। বাগেরহাট: মংলা-খুলনা মহাসড়কের রামপালের বেলাই ব্রীজের কাছে বুধবার রাতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবুল শেখ (২৬) নামে এক ভ্যান আরোহী নিহত হয়েছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বৃহষ্পতিবার দুপুরে বলেন, বুধবার রাতে বেলাই ব্রীজের কাছে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ভ্যানরিকশাটিকে ধাক্কা দিলে বাবুল শেখ ঘটনাস্থলে মারা যান। তিনি জানান, পুলিশ বৃহষ্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। জহুরুল ইসলাম আরও জানান, বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮৪৫ ঘ.