কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭টি দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বিভাগ জানিয়েছে।
কিশোরগঞ্জ দমকল বিভাগের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আনুমানিক ১ টার দিকে হিলচিয়া বাজারের জালাল ফকির মর্কেটের মসলা ব্যবসায়ী আব্দুল রহিমের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে মার্কেটের আপপাশের অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে বাজিতপুর, ভৈরব ও কিশোরগঞ্জ সদর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। তারা স্থানীয় জনগণের সহায়তায় তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আতিকুর রহমান জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- স্বর্ণালংকার, তৈরি পোশাক, হার্ডওয়্যার, লন্ড্রি, দর্জি, মাইক, বৈদ্যুতিক সরঞ্জামাদিসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।
তিনি আরও জানান, আগুন লাগার কথা শুনে হার্ট অ্যাটাকে আলফাজ উদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
দমকল বিভাগের প্রাথমিক হিসাব ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মতে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ.
bdnews24