মানিকগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল ৯ টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এ কারণে উভয় ঘাটে যানজট পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তবে বিকেলের দিকে যানজট কমে যাওয়ার এবং ফেরি চলাচল স্বাভাবিক হয়ে আসার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিসির একজন কর্মকর্তা।
বিআইডব্লিউটিসি আরিচা অফিস জানায়, ফেরি স্বল্পতার কারণে গত মঙ্গলবার থেকে পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরি ঘাটে যানজট সৃষ্টি হয়। বুধবার দুপুরের পরে যানজট কমে এলেও বৃহস্পতিবার সকালের দিকে ঘন কুয়াশার কারণে আবার তিন ঘন্টা ফেরি পারাপার বন্ধ থাকে।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক গোপালচন্দ্র মজুমদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পাটুরিয়া থেকে যানবাহন নিয়ে ছেড়ে আসা শাহ পরাণ এবং আমানত শাহ নামের দুটি ফেরি দৌলতদিয়ার কাছে মাঝ নদীতে নোঙর করে থাকে। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টার দিকে ফেরি দুটি দৌলতদিয়া ঘাটে পৌছে।
রাজবাড়ী প্রতিনিধি দৌলতদিয়া বিআইডব্লিউটিসি অফিস সূত্রের উদ্ধৃতি দিয়ে জানান, সকাল ৯টায় কুয়াশা কেটে গেলেও দৌলতদিয়া ফেরি ঘাটে প্রায় ৫'শ এবং পাটুরিয়া ঘাটে ৫শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা জোনের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহদাৎ হোসেন জানান, অপেক্ষমান গাড়ি চাপ কমাতে এ দুটি ফেরিঘাটে আটটি ফেরির ব্যবস্থা করা হয়েছে।
সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সাহা জানান, নাব্যতা সংকটের কারণে পাটুরিয়ার তিনটি ঘাটের মধ্যে একটি ঘাট বন্ধ রয়েছে।
এছাড়া পাটুরিয়া চ্যানেল দিয়ে ওয়ান ওয়ে পদ্ধতিতে ফেরি চালাতে হচ্ছে। এর ওপর ঘনকুয়াশায় পারাপার বন্ধ থাকায় যানজট সমস্যা প্রকট হয়ে উঠেছে বলে তিনি জানান।
সন্ধ্যার পর বিদ্যুৎ কুমার সাহা জানান, যানজট কমে গেছে। চার শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আছে। অন্য গাড়ি কমই। ফেরি চলাচলও স্বাভাবিক হয়ে গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪০ঘ.
bdnews24