২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা তুলে নেওয়া উচিত: ডেনিশ মন্ত্রী

সফররত ডেনমার্কের উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রী উলা টোরনায়েস বলেছেন, গণতন্ত্রের জন্য জরুরি অবস্থা প্রত্যাহার করা উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 08:50 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সফররত ডেনমার্কের উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রী উলা টোরনায়েস বলেছেন, গণতন্ত্রের জন্য জরুরি অবস্থা প্রত্যাহার করা উচিত। রাজকীয় ডেনিস দূতাবাসে বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, জরুরি অবস্থা তুলে নেওয়া উচিত। তবে বাংলাদেশ যে জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাও আমরা শ্রদ্ধাভরে উপলব্ধি করি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "রোডম্যপ অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। আমি আশা করি, ঘূর্ণিঝড় সিডরের ধ্বংসযজ্ঞ নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে।" সিডর বিধ্বস্ত মানুষদের পুনর্বাসন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলার জন্য ডেনিস সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সিডরের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ডেনমার্ক এখন পর্যন্ত ৪০ লাখ মার্কিন ডলার সহায়তার অঙ্গীকার করেছে। এর মধ্যে ১০ লাখ ডলার জরুরি ত্রাণ সহায়তা, ২০ লাখ ডলার দীর্ঘ মেয়াদি পুনর্গঠন এবং বাকি ১০ লাখ ডলার দেওয়া হবে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলার জন্য। টোরনায়েস বলেন, ঘূর্ণি দুর্গত এলাকায় পুনর্গঠন কাজ তরান্বিত করার জন্য ডেনমার্ক দাতা দেশগুলোর প্রতি আবেদন জানিয়েছে। উলা টোরনায়েস গত রোববার বাংলাদেশে এসে ঘূর্ণি দুর্গত এলাকা ঘুরে দেখেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এনএইচ/ডিডি/এমএইচবি/০২৩৬ ঘ.