পঞ্চগড়, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতীয় গোয়েন্দা সংস্থ্ া'র' এর সদস্য সন্দেহে মঙ্গলবার সন্ধ্যায় তেঁতুলিয়ায় সাবেক এক সেনা সদস্যকে আটক করেছে বিডিআর। বুধবার সন্দেভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ইলিয়াস আলী (৬০) নামের ওই সেনা সদস্যকে কারাগারে পাঠানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিডিআর এর এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যায় তেঁতুলিয়া সীমান্তের ৭৩৩ নং মেইন পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের সময় টহলরত বিডিআর সদস্যরা ইলিয়াসকে আটক করে। রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে আনা হয়। এ সময় তিনি নিজেকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিলেও বিডিআর কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দাবির সত্যতা পায়নি।
বুধবার সকালে বিডিআর ইলিয়াসকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। আদালত জামিন না মঞ্জুর অভিযুক্তকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শেখ ফরিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "আটক ব্যক্তি সাবেক সেনা সদস্য হওয়ায় খুব সহজেই দেশের নানা গুরুত্বপূর্ণ তথ্য তিনি সংগ্রহ করতে পারতেন।"
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ইলিয়াসের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তথ্য প্রমাণ পাওয়া গেলে রাষ্ট্রদ্রোহ মামলা করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডেও নেওয়া হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৮২৬ ঘ.
bdnews24