২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রাশিদুল হাসানের যথেচ্ছাচার

দুর্নীতি ও স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (একাডেমিক)এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ড. সৈয়দ রাশিদুল হাসানের বিরুদ্ধে। মার্কেটিং এর অধ্যাপক হয়ে অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান সম্পাদক হয়েছেন বিজ্ঞান বিষয়ক একটি জার্নালের। তিনি 'ন্যাশনাল ইউনিভার্সিটি জার্নাল অব সায়েন্স' এর সম্পাদক। শুধু তাই নয় এই জার্নালে একই সঙ্গে একই ব্যক্তির চারটি প্রবন্ধ তিনি ছেপে স্বজনপ্রীতির নতুন দৃষ্টান্ত তৈরী করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 11:03 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

জান্নাতুল ফেরদাউস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (একাডেমিক)এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ড. সৈয়দ রাশিদুল হাসানের বিরুদ্ধে। মার্কেটিং এর অধ্যাপক হয়ে অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান সম্পাদক হয়েছেন বিজ্ঞান বিষয়ক একটি জার্নালের। তিনি 'ন্যাশনাল ইউনিভার্সিটি জার্নাল অব সায়েন্স' এর সম্পাদক। শুধু তাই নয় এই জার্নালে একই সঙ্গে একই ব্যক্তির চারটি প্রবন্ধ তিনি ছেপে স্বজনপ্রীতির নতুন দৃষ্টান্ত তৈরী করেছেন। তার ঘনিষ্ঠ ওই ব্যক্তি হলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আবু রায়হান। তিনি একই সঙ্গে ওই জার্নালের সহযোগী সম্পাদকও। একটি জার্নালে একজন ব্যক্তির প্রবন্ধ সাধারণত একটির বেশী ছাপা হয় না। এ ব্যাপারে অধ্যাপক রাশিদুল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্পাদক হওয়া তার ঠিক হয়নি। তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেন, "আগে সহ-উপাচার্য ছিলেন বর্তমানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম। তিনি চলে যাওয়ার সময় জার্নালের কাজ চলছিলো। তাই উপাচার্যের অনুরোধে আমি জার্নালের সম্পাদক হই।" যেহেতু তিনি মার্কেটিং বিভাগের অধ্যাপক তাই তাকে সাহায্যে জন্য সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান। অধ্যাপক রায়হানের প্রবন্ধ চারটি প্রকাশের ব্যাপারে তিনি বলেন, "আমি তার ওপর নির্ভরশীল ছিলাম। যেহেতু তিনি সায়েন্সের শিক্ষক। তিনিই জার্নালের সবকিছু দেখেছেন। তিনি নিজের প্রবন্ধ চারটা ছাপিয়েছেন।" একটি জার্নালে একজন লেখকের কয়টি লেখা ছাপানো যেতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "অনেক সময় লেখার মান ভালো হলে একটির বেশি ছাপানো যেতে পারে। তিনটি ছাপানো যায়, তবে চারটি ছাপানো অধ্যাপক রায়হানের উচিত হয়নি।" অধ্যাপক রায়হানকে কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান প্রসঙ্গে তিনি বলেন, এটা উপাচার্যের এখতিয়ারভুক্ত। প্রকৃতপক্ষে উপ উপাচার্য একাডেমিকই ব্যাপারগুলো দেখে থাকেন। এছাড়াও এম ফিল, পিএইচডি গবেষকদের বাছাই ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি সময় নিয়েছেন প্রায় এক বছর। এ প্রসঙ্গে রাশিদুল হাসান বলেন, "যখন আমিনুল ইসলাম এখান থেকে চলে যান তখন এ কাজগুলো পড়ে ছিলো। আমি এসে এগুলো হাতে নিই। তাই একটু দেরি হয়ে যায়। তবে, এগুলো এখন রেগুলার। এখন এমফিল, পিএইচডি ক্লাশও শুরু হয়ে গেছে।" এমফিল, পিএইচডি প্রোগ্রামে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, গার্হস্থ্য অর্থনীতি ও মনোবিজ্ঞান বিষয়ের জন্য সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে রাশিদুল হাসান জানান। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্তঃবিশ্ববিদ্যালয় টেনিস প্রতিযোগিতা-২০০৭ এর জন্য গঠিত ১৩ টি উপ-কমিটির ৮ টিতে তিনি দলীয় বিবেচনায় নিয়োগ দিয়েছেন ভূগোল বিভাগের অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে। এই বিষয়ে জিজ্ঞেস করলে আরেকজন উপ-উপাচার্য অধ্যাপক জামালুদ্দিন বিষয়গুলো দেখেন বলে অধ্যাপক হাসান জানান। অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন। তখন তার বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছিলো। ঢাবিতে কোষাধ্যক্ষ থাকাকালে তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মালঞ্চ রেস্টুরেন্টের নামে ৭০ হাজার টাকার ভুয়া বিল দেন যা নিয়ে পরবর্তীতে ঢাবিতে তদন্ত কমিটি গঠিত হয়। সিন্ডিকেট তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও তা এখনো হয়নি। এছাড়া ঢাবি'র অ্যাকাউন্টস বিভাগ কম্পিউটারাইজেশনের জন্য তিনি ৮ লাখ টাকার গরমিল করেন, এর ভিত্তিতেও তদন্ত কমিটি গঠিত হয়েছিলো এবং সিন্ডিকেট অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। এরপর তিনি খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের সাহায্যে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পান বলে অভিযোগ ছিল। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিচয়ে অনেকেই এ ধরনের অপকর্ম করে রেহাই পেয়ে যান। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও আদৌ তা হবে কিনা এ নিয়ে সন্দেহ আছে।" অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান মালঞ্চ রেস্টুরেন্টের ভুয়া বিলের ব্যাপারে বলেন, "একজন কোষাধ্যক্ষ কখনোই বিল বা খাওয়া কিনেন না। এটা করেন অফিসের তৃতীয় বা চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী।" তিনি জানান, এ সম্বন্ধে ঢাবিতে তদন্ত কমিটি হয়েছে বলে তিনি শুনেছেন, কিন্তু সিন্ডিকেটের সিদ্ধান্তের কথা তিনি জানেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএনএ/১৬৩০ ঘ.