ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সন্ধা নামলেই গাছে উঠতে চায় ৫ বছর বয়সী রেজাউল। না, কোনো ধরণের ক্ষ্যাপামি বা ডানপিটেমো নয়, বরগুনার আগা পদ্মা গ্রামের আলী হোসেনের এ শিশুপুত্রটির এ অবস্থা করেছে দক্ষিণের বুক বিদীর্ণ করা সিডর।
ঝড়ের পর দু'সপ্তাহের বেশি কেটে গেলেও ভয় ছাড়েনি রেজাউলের। মাত্র পাঁচ বছর বয়সে জীবনের প্রায় কিছুই না শেখা হলেও এটুকু সে বুঝে গেছে যে শুধু ওই গাছের কল্যাণেই তাদের ভাসিয়ে নিতে পারেনি সর্বনাশা জলোচ্ছ্বাস। গাছে চড়ে নিশ্চিত মৃত্যুকে ফাঁকি দেওয়া সেই ভাগ্যবান কিছু মানুষ আর সেই সব গাছের গাছের কাহিনী শুনিয়েছেন সরেজমিন ঘুরে আসা আবু নোমান সজীব
দক্ষিণাঞ্চলে প্রলংয়করী ঘূর্ণিঝড় সিডর আঘাত আনার পর জলোচ্ছ্বাসের মুহূর্তে অনেক মানুষেরই একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠেছিল আশপাশের বড় বড় গাছগুলি।
যথেষ্টসংখ্যক আশ্রয়কেন্দ্রের অভাব এবং দূরত্বের কারণে ভয়াল ওই রাতে ঘূর্ণি উপদ্রুত অঞ্চলের হাজার হাজার নারী, পুরুষ ও শিশু গাছে চড়েই তাদের জীবন রক্ষা করেন। আর গাছগুলিও যেন পরম মমতায় প্রকৃতির সন্তানদের রক্ষায় তার হাত বাড়িয়ে দেয়। এছাড়া প্রাকৃতিক বেষ্টনি হিসেবে কাজ করে এ গাছগুলি ঝড়ের আঘাতও অনেকটা কমিয়ে দিয়েছিল।
তবে অনেকেই গাছের কাছাকাছি গিয়েও চড়ার সময় পর্যন্ত পায়নি। আগেই পানির প্রবল তোড়ে ভেসে যায় তারা। পরে এদের কারো লাশ উদ্ধার করা হয়, আবার কেউ কেউ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের এই প্রতিবেদক ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বরগুনা এবং পটুয়াখালী জেলার দুর্গত অঞ্চল ঘুরে এমন বেশ কিছু গাছ দেখেছেন যাদের দেবতাতুল্য বলে মনে করছেন এলাকাবাসী। এমনকি কেউ কেউ ওই গাছকে কেন্দ্র করে স্মৃতিস্তম্ভ তৈরির দাবি তুলেছেন।
জীবন্ত সাইক্লোন সেন্টার
এমনই একটি গাছ বরগুনা সদর উপজেলার আগা পদ্মা গ্রামের মুসল্লী বাড়ির একটি গাবগাছ।
এলাকাবাসী জানান, আগা পদ্মা গ্রাম থেকে সবচেয়ে কাছের ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি কমপক্ষে চার কিলোমিটার দূরে সোনাতলায় অবস্থিত।
আগে থেকেই সতর্কতা থাকা সত্ত্বেও সিডরের ভয়াল রাতে দুরত্বের কারণে গ্রামের অনেক বাসিন্দাই সোনাতলার আশ্রয়কেন্দ্রে যাননি। কিন্তু রাত ১০টার দিকে হঠাৎ করে পানি বাড়তে থাকলে গ্রামের মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে থাকেন। তবে তাদের অধিকাংশই সেখানে পৌঁছতে পারেননি। অনেকে বাধ্য হয়ে উঠে পড়েন আশেপাশের বড় বড় গাছে।
এমনই পাঁচটি পরিবারের ৩২ জন নারী, পুরুষ ও শিশু ঘটনার রাতে মুসল্লী পাড়ার ওই গাবগাছে চড়ে জলোচ্ছ্বাসের তোড় থেকে নিজেদের জীবন রক্ষা করেন। এদের মধ্যে দু'জন একপর্যায়ে ডাল ভেঙে নিচে পানিতে পড়ে গেলেও অন্যরা দড়ি বেঁধে তাদের টেনে ওপরে তোলেন। মাত্র ৪০ দিনের নবজাতককে গামছা দিয়ে গাছের ডালের সঙ্গে বেঁধে রেখে তাকে বাঁচান এক মা ।
গাছটিতে আশ্রয় নেওয়া আব্দুস সোবহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গাছের সঙ্গে ডাল বেধে আড়া (মই জাতীয়) বানিয়ে নারী ও শিশুদের ওপরে তোলা হয়। এদের অনেককেই আবার দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধেও রাখা হয় যাতে নিচে পানিতে না পড়ে যায়।
তিনি বলেন, "রাত সাড়ে নয়টার দিকে হটাৎ কইরা গ্রামের মইধ্যে বানের পানি ঢুইকা পড়ে। পানি চোক্ষের নিমিষে বুক হুমান হইয়া পড়লে মোরা হগলে সাঁতরাইয়া গাছে উঠি। কিন্তু পানি আর বাতাসের লগে ঘন্টা দুয়েক যুদ্ধ কইরা বুড়া আজিজ মুসল্লী (৭০) আর হোসেন গোলদার (৬৫) কাবু হইয়া নিচে পইড়া যায়। তহন মোরা রশি ফিক দিইয়া সবাই মিইলা দুইজনারে টাইনা তুলি। পরে তিনটার দিহে পানি একটু নাইমা গেলে মোরা গাছ থেইকা নাইমা মাচায় উঠি।"
সোবহান জানান, ওইরাতে একজনের কাছে একটি চার্জার লাইট থাকায় আজিজ মুসল্লী ও হোসেন গোলদারকে টেনে ওঠানো সম্ভব হয়। তা না হলে অন্ধকারে পানির তোড়ে তারা দুজনই ভেসে যেতেন।
গাছ থেকে পড়ে গিয়েও সৌভাগ্যক্রমে রক্ষা পাওয়া হোসেন গোলদার গাব গাছটি দেখিয়ে বলেন, "হেই গাছই মোগো সাইক্লোন সেন্টার। হেই গাছের জন্যি এতগুলান লোকের জীবন রক্ষা পাইছে। আমিও মুই ঠোটের মুখ থেইকা জীবন ফিইরা পাইছি। এই গাছডা না থাকলি মোরা এহন কবরে শুইয়া থাকতাম। এ জন্যি আমরা হগলে মিলা গাছটা কোনদিন না কাটার সিদ্ধান্ত লইছি।"
ঘটনার সময়ের বর্ণনা দিয়ে হোসেন গোলদার বলেন, "গাছ থেইকা পড়নের পর উপর থেইকা কে যেন একখান রশি ফেইলা দেয়। প্রথমবারে ধরবার পারি নাই। তহন মুই ভাবছিলাম আর মনে হয় বাঁচুম না। পরে অনেক চেষ্টা চালাইয়া রশিখান ধইরা ফেলি। পরে হগলে মিলা আমারে টাইনা উপরে তোলে। মুই পরদিন শুক্কুরবার জুম্মার নামাজ পইড়া আল্লার কাছে শুকরিয়া আদায় করছি। "
স্মৃতিবিজড়িত এই গাছটির পাশে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি স্মৃতিফলক স্থাপনের দাবি জানান হোসেন গোলদার।
ভয়াল ওই রাতে ৪০ দিন বয়সী একমাত্র মেয়ে শান্তাকে নিয়ে এই গাছে চড়ে জীবন রক্ষা করেন গৃহবধু শাহনাজ।
শাহনাজ বলেন, "মোর বাচ্চাডারে গামছা দিয়া শক্ত করি ডালের লগে বাইন্ধা রাখছিলাম। মুই নিজেকও দড়ি দিয়া গাছের লগে বাইন্ধা রাখছিলাম। তুফানের লগে যুদ্ধ কইরা মোর সোনাডারে বাঁচাত পারুম না বইলা মনে করছিলাম। আল্লাহর শুকুর, মোর বাচ্চাডা বাইচা গেছে। ঝড়ের পরদিন মুই নফল নামাজ পইড়া আল্লার কাছে দোয়া করছি।"
একই গাছে চড়ে জীবন বাঁচান গ্রামের বাসিন্দা আলী হোসেন ও তার পরিবারের সদস্যরা। আলী হোসেন জানান, ঘটনার রাতে তার একমাত্র ছেলে পাঁচ বছরের রেজাউলকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পানি কিছুটা কমলে ভোররাতে বাঁশের মাচায় আশ্রয় নেন।
আলী হোসেন জানান, ঝড়ের পর থেকেই তার ছেলে রেজাউল সন্ধ্যা নামলেই শুধু ওই গাছে উঠতে চায়। সুযোগ পেলেই গাছে উঠে বসে থাকে। অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে গাছ থেকে নামাতে হয়। একেতো ঘড়বাড়ি ভেসে গেছে ,তারপর এ নিয়ে পড়েছেন নতুন সমস্যায়।
এমনই আরেকটি গাছের দেখা মেলে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার জালালপুর গ্রামে। আন্ধারমানিক, বিষখালী এবং মহীপুর নদীর মোহনা তীরবর্তী এ গ্রামের অধিকাংশ ঘরবাড়িই জলোচ্ছ্বাসে বিধস্ত হয়েছে। বাঁধ ভেঙে জলোচ্ছাস এ গ্রামটিকে কমপক্ষে ১০ ফুট পানির নিচে তলিয়ে দেয়।
জালালপুরে কোন ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেই। সবচেয়ে কাছের আশ্রয়কেন্দ্রটি কমপক্ষে তিন কিলোমিটার দূরে আক্কেলপুর গ্রামে। এ কারণে ১০ নম্বর মহাবিপদ সংকেতের কথা জানতে পারলেও গবাদি পশু এবং বাড়ির মালামাল চুরির আশংকায় অধিকাংশ মানুষ গ্রামেই থেকে যান।
গ্রামের বাসিন্দা মান্নান হাওলাদার জানান, রাত নয়টার দিকে জলোচ্ছ্বাসের তোড়ে বাঁধ ভেঙে গ্রামের মধ্যে তীব্র গতিতে পানি ঢুকতে থাকে। এ সময় দিশেহারা শত শত নারী, পুরুষ ও শিশু আক্কেলপুরের আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে থাকেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যে পানি মাথা সমান হয়ে যাওয়ায় তাদের অধিকাংশই সেখানে পৌঁছতে পারেননি। বাধ্য হয়ে তারা আশেপাশের বড় বড় গাছগুলোতে উঠে আশ্রয় নেন।
এর মধ্যে জালালপুর গ্রামের দক্ষিণ প্রান্তে শুধুমাত্র একটি বটগাছে চড়েই জীবন বাঁচায় কমপক্ষে আড়াইশ' নারী, পুরুষ ও শিশু। ছোট্ট এই বটগাছটিতে ভয়াল ওই রাতে গাদাগাদি করে বাদুড়ের মতো ঝুলে থেকে রাত পার করেন তারা। নিজেদের মধ্যে সব বিভেদ ও ধনী-গরীবের পার্থক্য ভুলে সবাই একে অপরকে গাছে উঠতে সাহায্য করেন। তা না হলে ছোট্ট এই গাছে এত বেশি মানুষকে এত দ্রুত তোলা সম্ভব ছিল না।
গ্রামের বাসিন্দা এবং আক্কেলপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মান্নান শরীফ বলেন, "এই গাছটাই আমাদের সবার জীবন বাঁচিয়েছে। তাই এই গাছকে আমরা স্মৃতি হিসেবে ধরে রাখতে চাই। এ কারণে এই গাছের সঙ্গেই একটি সাইক্লোন সেন্টার তৈরির জন্য গ্রামবাসী দাবি জানিয়েছে।"
মাওলানা আব্দুল মান্নান জানান, কয়েকদিন আগে বিভাগীয় কমিশনার পরিদর্শনে এলে গ্রামবাসী তার কাছে এ ব্যাপারে একটি লিখিত আবেদনপত্রও জমা দিয়েছে। কমিশনার সাহেব বিষয়টি বিবেচনার প্রতিশ্র"তি দিয়েছেন।
জলোচ্ছ্বাসে এবং অতিরিক্ত মানুষের চাপে গাছটির গোড়ার মাটি সরে শিকড় বের হয়ে গিয়েছে। এ কারণে গাছটির গোড়া অবিলম্বে পাকা করা দরকার বলে মনে করে গ্রামবাসী।
শুধুমাত্র এই বটগাছই না, গ্রামের আরো কয়েকটি বড় গাছে চড়ে জীবন বাঁচান কয়েকশ' নারী-পুরুষ। তবে এদের মধ্যে সবার ভাগ্যই ভালো ছিল না। কারণ বেশ কয়েকটি গাছ স্্েরাতের ধাক্কায় মানুষসহ উপড়ে পড়ে।
এমনই একজন হতভাগ্য একমাত্র সন্তান হারানো বাবুল বিশ্বাস (৩০)। ঝড়ের রাতে পানি বাড়তে থাকলে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয়কেন্দ্রের দিকে ছোটেন বাবুল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই পানি মাথা ছুঁলে তারা সবাই মিলে একটি তেঁতুল গাছে আশ্রয় নেন। কিন্তু হঠাৎ পানির জোর ধাক্কায় শেকড়সহ উপড়ে যায় গাছটি। বাবুলের হাত থেকে ছিটকে পড়ে পানিতে ভেসে যায় একবছরের শিশু আরাফাত। তিনদিন পর তার লাশ উদ্ধার করা হয়।
বাবুল বলেন, "সবাইরে উডানোর পর মারে উডানের হুময় আচুক্কা পানি আইয়া গাছডা উপড়াইয়া ফেললো। পুলাডা আমার হাত থিইকা কেমনে যেনে ছিটকে গেলো। ধরতে ধরতে চোক্ষের নিমিষে মরণের পানিতে পুলাডা আমার ভাইসা গেলো। কিছুই করবার পারলাম না। পরে তিন দিন বহুত খোঁজাখুজি কইরা গাছের শিকড়ের মধ্যে থেইকা পুলার লাশ পাই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২০২৫ঘ.
bdnews24