২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিয়ারসার্জ থেকে ত্রাণ তৎপরতায় সাহায্য করছেন বাংলাদেশী কর্মকর্তারা

বাংলাদেশ সামরিক বাহিনীর ৯ জন কর্মকর্তা মার্কিন জাহাজ ইউএসএস কিয়ারসার্জে থেকে উপকূলীয় এলাকায় মানবিক সহায়তা ও ত্রাণ তৎপরতায় সাহায্য করছেন। মঙ্গলবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা ০৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম)-- বাংলাদেশ সামরিক বাহিনীর ৯ জন কর্মকর্তা মার্কিন জাহাজ ইউএসএস কিয়ারসার্জে থেকে উপকূলীয় এলাকায় মানবিক সহায়তা ও ত্রাণ তৎপরতায় সাহায্য করছেন। মঙ্গলবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কিয়ারসার্জ, ত্রাণ দলসমূহ এবং বাংলাদেশে বিতরণ কেন্দ্রগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে বাংলাদেশী কর্মকর্তারা গত ২৪শে নভেম্বর থেকে এই জাহাজে অবস্থান নেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, জাহাজে অবস্থানরত হেলিকপ্টার পাইলট মেরিন ক্যাপ্টেন ডেভিড পোপ বলেছেন, "গত এক সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশী লিয়াজোঁ কর্মকর্তারা ত্রাণ তৎপরতা পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। স্থলে অবস্থানরত সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে ল্যান্ডিং এলাকা নিশ্চিত করতে তারা অত্যন্ত সাহায্য করেছেন।" কিয়ারসার্জ বঙ্গোপসাগরে অবস্থান করে ত্রাণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড় সিডরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পানি এবং দুর্যোগ ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে এখান থেকে । বাংলাদেশ নৌবাহিনীর কমোডর মোহাম্মদ ফজলে রাব্বি বলেন, "বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নেভি ও মেরিনদের উপস্থিতি আমাদের খুবই নিরাপদ বোধ করতে সাহায্য করছে। ত্রাণ তৎপরতাকে কিয়ারসার্জ অনেক সহজ করে দিয়েছে, কারণ এই জাহাজ অনেক বেশি দ্রুততার সঙ্গে উপদ্রুত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে।" এ পর্যন্ত কিয়ারসার্জ এবং ২২তম এমইইউ ১২ হাজার ৪শত ৩৪ গ্যালন পানি এবং ১ লাখ ৬২ হাজার ৫২ পাউন্ড খাদ্য, কম্বল, কাপড় ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম/এসকে/১৭৪৬ঘ.