সাভার, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার পৌর এলাকার ছোট বলিমেহের এলাকা থেকে মঙ্গলবার মাদক ব্যবসায়ী হাসিনা বেগমকে (২৩) হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
একইদিন ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের সরোয়ার পেট্রোল পাম্পের সামনে থেকে প্রায় এক হাজার বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক আটক করা হয়। পুলিশ ট্রাক চালক সানাউল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ঢাকা সার্কেল) মো. শাহিদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছোট বলিমেহেরে ৭/২ নম্বর বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেহ তল্লাশী করে ১৬০ পুরিয়া (১৬ গ্রাম) হেরোইন ও মাদক বিক্রয়ের ১২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের সময় তার সহযোগী খলিল পালিয়ে যায় বলে তিনি জানান।
গ্রেপ্তার হওয়া হাসিনা বেগম ওই এলাকার মাদক ব্যবসায়ী লিটনের (বর্তমানে জেলহাজতে) স্ত্রী।
এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা হয়েছে।
সাভার থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, মঙ্গলবার ভোর রাত ৫টার দিকে হেমায়েতপুরের মানিকনগরে সরোয়ার পেট্রোল পাম্পে পুলিশ অভিযান চালায়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-১৫৭৫) তল্লাশি করে বস্তাভর্তি বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করে। ৮৬৫ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে বলে তিনি জানান।
এ ঘটনায় ট্রাক চালক সানাউল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৮ ঘ.
bdnews24