২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরি-বোরো মৌসুমের জন্য ৩ লাখ টন সার আমদানী হয়েছে

ইরি-বোরো মৌসুুম সামনে রেখে বেসরকারি খাতে ৩ লাখ ৫ হাজার মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং মিউরেট অফ পটাশ(এমওপি) সার আমদানী করা হয়েছে। আরো ২ লাখ মেট্রিক টন টিএসপি এবং এমওপি সরকারিভাবে বিদেশ থেকে কেনার প্রক্রিয়া চলছে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি কফিল উদ্দিন আহমেদ সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এতথ্য দেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা,০৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ইরি-বোরো মৌসুুম সামনে রেখে বেসরকারি খাতে ৩ লাখ ৫ হাজার মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং মিউরেট অফ পটাশ(এমওপি) সার আমদানী করা হয়েছে। আরো ২ লাখ মেট্রিক টন টিএসপি এবং এমওপি সরকারিভাবে বিদেশ থেকে কেনার প্রক্রিয়া চলছে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি কফিল উদ্দিন আহমেদ সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এতথ্য দেন । সরকারি ও বেসরকারিভাবে আমদানীকৃত সব সারই সরকার নির্ধারিত ডিলাররা বিক্রি করবে । কৃষক পর্যায়ে সুষ্ঠুভাবে সার বিতরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কফিল উদ্দিন আহমেদ বলেন, "সারা দেশে সার বিতরণের জন্য সরকার ৪ হাজার ৮০০ ডিলার নিয়োগ দিয়েছে। প্রতি ডিলারের সঙ্গে আবার ৩ জন করে বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সকল ডিলার এবং বিক্রয় প্রতিনিধির মাধ্যমে ইউরিয়া,টিএসপি এবং এমওপি বিক্রি করা হবে।" এবার খুচরাভাবে কোন সার বিক্রি হবে না বলে কফিল জানান। অ্যাসোসিয়েশনের সদস্য আতাউর রহমান খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"টিএসপি এবং এমওপি'র ওপর এবছর সরকার শতকরা ১৫ শতাংশ হারে ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে টিএসপি এবং এমওপি আমদানী করছি।" তিনি বলেন,"সরকারি ডিলারদের মাধ্যমে সব ধরনের সার বিক্রির সিদ্ধান্তের কারণে এবার স্থানীয় বাজারে খুচরা বিক্রি করার সুযোগ নেই"। আগামী ইরি-বোরো মৌসুমে টিএসপি এবং এমওপি সারের চাহিদা যথাক্রমে ৪ লাখ ৭৫ হাজার মেট্রিক টন এবং ৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে সরকার ব্যবসায়ীদের ১ লাখ ৭৭ হাজার মেট্রিক টন টিএসপি এবং ২ লাখ ৬৪ হাজার মেট্রিক টন এমওপি আমদানী করার অনুমতি দিয়েছে। এছাড়া বিএডিসিকে ১ লাখ মেট্রিক টন টিএসপি ও ১ লাখ মেট্রিক টন এমওপি আমদানী করার জন্য নির্দেশ দেয়া হয়। সরকারের হাতে মজুদ রয়েছে ৫৫ হাজার মেট্রিক টন টিএসপি এবং ১৮ হাজার মেট্রিক টন এমওপি সার। এছাড়া চট্টগ্রামে টিএসপি কারখানা থেকে আসবে ৬৫ হাজার মেট্রিক টন। এরপরও ৭৮ হাজার মেট্রিক টন টিএসপি এবং ১৮ হাজার মেট্রিক টন এমওপি সারের ঘাটতি থেকে যাচ্ছে। সরকার চাইলে ব্যবসায়ীরা এই সারও আমদানী করতে পারবে। জানা গেছে, ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন টিএসপি এবং ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন এমওপি দেশে এসে পৌঁছেছে। এখান থেকে গত ১৪ নভেম্বর ৩৯ হাজার মেট্রিক টন টিএসপি এবং ৮১ হাজার এমওপি বিক্রির জন্য ছাড় করা হয়েছে। সার ব্যবসায়ী নেতারা বলেন আগামী জানুয়ারী মাসের মধ্যেই তাদের জন্য নির্ধারিত এমওপি এবং টিএসপি'র অবশিষ্ট অংশ দেশে এসে পৌঁছাবে। কৃষি মন্ত্রণালয় বলছে ইরি-বোরো মৌসুমের জন্য আগামী ১৫ মার্চ পর্যন্ত টিএসপি এবং এমওপি'র চাহিদা থাকবে। এরপর শুধু ইউরিয়া সারের চাহিদা থাকবে। সরকারের হাতে যথেষ্ট ইউরিয়া মজুদ রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এসকে/১৮৫৬ঘ.