পিরোজপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুলকে রোববার রাতে ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার তাকে নাজিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান মিরপুর এক নম্বরের জনৈক টিবুলের বাসা থেকে চেয়ারম্যান রুহুল আমীনকে আটক করে র্যাব-৪ এর সদস্যরা। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনূর খান জানান, রুহুল আমীনকে নাজিরপুর আনা হয়েছে।
ইউপি চেয়ারম্যান রহুল আমীনের বিরুদ্ধে সরকারি ত্রাণ আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও অভিযোগ পাওয়ার পর পুলিশ গত ২৫ নভেম্বর তার বাসায় অভিযান চালায়। অভিযানকালে তার বাসা থেকে ত্রাণের ১৬ মন চাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে নাজিরপুর থানায় মামলা হয়।
ওই সময় পুলিশ চেয়ারম্যানের তিন সহযোগিকে গ্রেপ্তার করে। তবে অভিযোগের কথা জানতে পেরে চেয়ারম্যান আত্মগোপন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২০ ঘ.
bdnews24