ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে রোববার মাগুরা ও নাটোরে প্রতিবন্ধীদের তৃতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
নাটোর: জেলা প্রতিবন্ধী ফেডারেশন (নন্দন) ও অ্যাকশন অন ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি) এর উদ্যোগে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ মিলনায়তনে প্রতিবন্ধীদের তৃতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের বক্তারা প্রতিবন্ধীদের জন্য সন্মানজনক কাজ নিশ্চিত করার প্রতি গুরুত্ব দেন। এছাড়া প্রতিবন্ধীদের জন্য সংসদে ১২টি আসন সংরক্ষণ, তাদের পরিচয়পত্র প্রদান ও চরম প্রতিবন্ধীদের ভাতা দেওয়াসহ বিভিন্ন দাবি জানান।
অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এস এম এহসান কবীর, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মীর বকরসহ সুশীল সমাজের নেতারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে সহস্রাধিক প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশু এতে অংশ নেন।
মাগুরা: 'প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানকে হ্যাঁ বলুন' এই শ্লোগান নিয়ে অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভলপমেন্ট (এডিডি) ও মাগুরা তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে প্রতিবন্ধীদের তৃতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলীম উদ্দিন এ সম্মেলনের উদ্বোধন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. নজরুল ইসলাম। সভা শেষে স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিরা ও মাগুরা উদীচী শিল্পী গোষ্ঠি সঙ্গীত ও নাটক পরিবেশন করে।
এর আগে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলের প্রতিবন্ধীরা এতে অংশ নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২৩৫৭ ঘ.
bdnews24